বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি চারটি যাত্রীবাহী ফ্লাইট। ফলে এসব ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়।
শনিবার (৩১ মে) বিকেল ৪টা ৩২ মিনিট থেকে ৫টা ১৫ মিনিটের মধ্যে এসব ফ্লাইট চট্টগ্রামে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৩৩ মিনিটে শারজাহ-ঢাকা রুটের এয়ার আরাবিয়ার ফ্লাইট নম্বর ৫১৪, ৪টা ৩২ মিনিটে কক্সবাজার-ঢাকা রুটের এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ৪৪৬, ৪টা ৪৭ মিনিটে রাজশাহী-ঢাকা রুটের ইউএস-বাংলার বিএস১৬৪ এবং ৫টা ১৫ মিনিটে সৈয়দপুর-ঢাকা রুটের ইউএস-বাংলার বিএস১৮৮ ফ্লাইটটি চট্টগ্রামে জরুরি অবতরণ করে।
প্রকৌশলী ইব্রাহীম খলিল বলেন, “ঢাকায় প্রবল বৃষ্টিপাত ও খারাপ আবহাওয়ার কারণে এসব ফ্লাইট বিকল্প বিমানবন্দর হিসেবে চট্টগ্রামে অবতরণ করে। আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো যাত্রীদের নিয়ে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।”
এদিকে, আকস্মিক এই অবতরণে যাত্রীদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা দিলেও বিমানবন্দরের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইটগুলো চট্টগ্রামে অবস্থান করবে বলে জানানো হয়।
বৈরী আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলে এ ধরনের ব্যাঘাত নতুন নয়, তবে তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ভোগ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।