রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে গত বছরের জুলাই-আগস্ট মাসে অন্তত ১৬৮ জন পথশিশুর প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে এক গবেষণা প্রতিবেদনে। এছাড়া শতাধিক শিশু চোখে গুরুতর আঘাত পেয়ে কেউ কেউ দৃষ্টিশক্তিও হারিয়েছে।

শনিবার (৩১ মে) জাতীয় প্রেসক্লাবে 'রাজনৈতিক সহিংসতার দীর্ঘমেয়াদি প্রভাব' শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। একমাত্রা সোসাইটি ও লিডো এই গবেষণা পরিচালনা করে, গ্লোবাল ফান্ড ফর চিলড্রেন এর অর্থায়নে।

প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় ৫০৬ জন চোখে গুরুতর আঘাত পান, যাদের মধ্যে অন্তত ৬০ জন শিশু। এক ৯ বছর বয়সী পথশিশু সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছে। এছাড়া আইনগত সহায়তা ছাড়াই আটক রাখা হয় কাওরান বাজারের ৪৩ জন পথশিশুকে, যাদের মধ্যে শারীরিক নির্যাতনের চিহ্ন ছিল স্পষ্ট।

ব্র্যাক ও ইউনিসেফের তথ্য অনুযায়ী, সহিংসতার সময় ঢাকায় ৬২ শতাংশ পথশিশু আশ্রয় হারায়, আর সীমান্ত এলাকায় অভিভাবকহীন শিশুর সংখ্যা বেড়ে যায় তিনগুণ।

৭০ জন পথশিশুর ওপর পরিচালিত কেস স্টাডির তথ্য অনুযায়ী, ৭২ শতাংশ শিশু কোনো না কোনোভাবে সহিংসতার শিকার হয়েছে এবং ৬১ শতাংশ শিশু মানসিকভাবে বিপর্যস্ত।

প্রধান গবেষক অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস বলেন, “পথশিশুরা শুধুই সহিংসতার শিকার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে। তাদের বাস্তবতা মূলধারার আলোচনায় অবহেলিত থেকে গেছে।”

প্রতিবেদনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই প্রতিবেদন পথশিশুদের উপর রাজনৈতিক সহিংসতার ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরে, যা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলছে তাদের জীবন ও ভবিষ্যতের ওপর।

Walton Ads