পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হয়েছে সংবাদকর্মীদের পাঁচ দিন এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ১০ দিনের ছুটি। এর আগে বুধবার (৪ জুন) ছিল অফিসিয়ালি শেষ কর্মদিবস।

দেশের সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব (নিউস্পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অধিকাংশ গণমাধ্যমে ৫ থেকে ৯ জুন পর্যন্ত ঈদের ছুটি কার্যকর হচ্ছে। এ সময় দৈনিক পত্রিকা ও নিউজরুমে সীমিত পরিসরে কাজ চললেও অধিকাংশ সংবাদকর্মী থাকবেন ছুটিতে।

অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন টানা ১০ দিনের ছুটি। ঈদের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে এই ছুটির ভারসাম্য রক্ষায় গত ১৭ ও ২৪ মে শনিবার অফিস খোলা রাখা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদ উপলক্ষে ১০ দিনের এই ছুটি ৫ জুন থেকে শুরু হয়ে চলবে ১৪ জুন পর্যন্ত। এরপর ১৫ জুন (রবিবার) থেকে আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরবে সরকারি দপ্তরগুলো।

এই দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে চাপ বাড়তে দেখা গেছে। অন্যদিকে, সংবাদপত্র এবং অনলাইন মিডিয়ার অনেকেই ঢাকার বাইরে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রওনা হয়েছেন।

এই ছুটিকে ঘিরে গণমাধ্যম ও সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সবার জন্য শুভকামনা জানানো হয়েছে, যাতে সবাই নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।


 

Walton Ads