রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হোস্টেল বিল্ডিংয়ের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়, যার ফলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, আগুনে পোড়া শরীর নিয়ে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ ভবন থেকে দৌড়ে বেরিয়ে আসছেন। পোড়া শরীর নিয়ে হাঁটতে দেখা গেছে এমন অনেক শিশুও। একজন প্রত্যক্ষদর্শী মারজুকুল ইসলাম সাকিব লিখেছেন, ‘ছোট বাচ্চাগুলো আগুনে পোড়া শরীর নিয়ে হেঁটে বের হচ্ছে।’
ঘটনার পরপরই সেনাবাহিনী ও বাংলাদেশ আর্মি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চিকিৎসা দলও সহযোগিতায় অংশ নেয়।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। কিছু শিক্ষার্থী আহত অবস্থায় কলেজ চত্বর ত্যাগ করতে সক্ষম হলেও অনেকেই আটকা পড়ে।
প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এ ঘটনা পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। আহতদের আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।