রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ধরা পড়ে, যা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলছে, লোকজন আতঙ্কে ছুটোছুটি করছে। মেট্রোরেল লাইনের কাছাকাছি এই ভয়াবহ দুর্ঘটনার ফলে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং চারজনকে গুরুতর আহত অবস্থায় সিএমএইচ-এ পাঠানো হয়েছে। আরও একজন দগ্ধকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোস্টেল ভবন ‘হায়দার হল’-এ আগুন লেগে অনেক শিক্ষার্থী পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হয়ে আসছে। ফেসবুক ব্যবহারকারী মারজুকুল ইসলাম সাকিব লিখেছেন, "ছোট ছোট বাচ্চারা পোড়া শরীর নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে।"
উত্তরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান জানান, বিমানটি মেট্রোরেল প্রধান দপ্তরের পাশে বিধ্বস্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর গাড়ি উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির দুই প্লাটুন মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর নিশ্চিত করেছে, বিধ্বস্ত বিমানটি ছিল বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।