ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গোটা দেশ স্তব্ধ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনাটি এড়াতে শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছিলেন পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম।

আইএসপিআর জানায়, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পাইলট তখন দ্রুত সিদ্ধান্ত নেন বিমানটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে জনবিরল দিকে নিয়ে যাওয়ার। উদ্দেশ্য ছিল, যেকোনো মূল্যে বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো।

তবে দুর্ভাগ্যজনকভাবে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এ পর্যন্ত ১৯ জন নিহত ও ১৬৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর। আহতদের মধ্যে অনেকেই শিক্ষার্থী ও অভিভাবক। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), বার্ন ইউনিটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী বিমানবাহিনী প্রধান (প্রশাসন) ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বিমানবাহিনী প্রধান সরকারি সফরে বিদেশে থাকায় তাঁর প্রতিনিধি দল পুরো পরিস্থিতি তদারকি করছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমানবাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে, হতাহতদের পরিবারকে সার্বিক সহায়তা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।

আইএসপিআর আরও জানায়, এ দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনী গভীরভাবে শোকাহত। পাশাপাশি, সকল ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু সংশ্লিষ্ট পরিবার নয়, গোটা জাতিকে গভীর শোক ও উদ্বেগে ফেলেছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন বিপর্যয় অভিভাবকদের সন্তানদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।

Walton Ads