রোববার রাজধানীর স্টেট গেস্ট হাউস জামুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। এই আন্তর্জাতিক মেডিকেল টিম মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার আহতদের বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করতে ঢাকায় অবস্থান করছেন।
সাক্ষাৎকালে প্রফেসর ইউনুস স্বাস্থ্যকর্মীদের দ্রুত সাড়াদান ও চিকিৎসা সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি জাতীয় সংকটে তাদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
প্রফেসর ইউনুস বলেন, "এই টিমগুলো তাদের দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে। তাদের উপস্থিতি আমাদের সম্মিলিত মানবতা এবং ট্র্যাজেডিতে বৈশ্বিক অংশীদারিত্বের মূল্যকে পুনরায় প্রতিষ্ঠিত করে।" স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিদেশি এই মেডিকেল টিম আহতদের, বিশেষ করে শিশুদের জন্য জরুরি চিকিৎসা ও ট্রমা কেয়ার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।
প্রধান উপদেষ্টা দ্রুত কূটনৈতিক সমন্বয়ের জন্য ধন্যবাদ জানান, যা টিমগুলোর দ্রুত আগমন ও কাজ শুরুর পথ সুগম করেছে। তিনি তাদের মিশন বাস্তবায়নে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। প্রফেসর ইউনুস চিকিৎসকদের বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখারও আহ্বান জানান।
তিনি ভার্চুয়ালি প্রাতিষ্ঠানিক সহযোগিতা, মেডিকেল শিক্ষা বিনিময় এবং স্বাস্থ্যখাতে সক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখার পরামর্শ দেন। প্রধান উপদেষ্টা বলেন, এ ধরনের অংশীদারিত্ব জনস্বাস্থ্য ও জরুরি প্রস্তুতিতে দীর্ঘস্থায়ী সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই কঠিন সময়ে সহায়তার হাত বাড়ানোর জন্য চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।
প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর সৈয়দুর রহমান বলেন, বিদেশি চিকিৎসকদের দ্রুত আগমন অনেক জীবন বাঁচাতে সাহায্য করেছে। সভায় ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির (এনআইবিপিএস) পরিচালক প্রফেসর ড. মো. নাসির উদ্দিন বলেন, এটি আবারও প্রমাণিত হয়েছে যে চিকিৎসকের কোনো সীমান্ত নেই।
সভায় সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৪ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধান উপস্থিত ছিলেন। ভারতীয় মেডিকেল টিম জানায়, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে মাইলস্টোনের দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থ করতে ঢাকায় এসেছেন।
ভারতীয় মেডিকেল টিমের প্রধান চিকিৎসক বলেন, "বাংলাদেশের প্রয়োজন হলে আমরা আরও সহায়তা দিতে প্রস্তুত। আহতদের চিকিৎসা সরঞ্জাম বা পুনর্বাসনে যে কোনো সহায়তা দেওয়া হবে। কেউ ভারতে চিকিৎসা নিতে চাইলে দ্রুত ব্যবস্থা করা হবে।" ভারতীয় হাইকমিশন জানায়, বার্ন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা ও এনআইবিপিএস টিমের পদ্ধতিতে ভারতীয় চিকিৎসকরা সন্তুষ্ট।
ভারতীয় মেডিকেল টিমে রয়েছেন আরএমএল হাসপাতাল ও সফদরজং হাসপাতালের দুইজন বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন নার্সিং সহকারী। ভারতে বার্ন রিকভারি ও প্লাস্টিক সার্জারিতে এই হাসপাতালদ্বয় শীর্ষে। চিকিৎসক দল বুধবার ঢাকায় পৌঁছে এনআইবিপিএসে চার রাউন্ড পরামর্শ সেবা দিয়েছেন। সোমবার গুরুতর রোগীদের অগ্রগতি পর্যালোচনা করে তারা দেশে ফিরে যাবেন।