সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদসহ ১২ জনের বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। তারা সবাই বর্তমানে পলাতক থাকায় আদালত এ নির্দেশ দিয়েছেন। এই মামলাটি করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করেন—আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন নিষেধাজ্ঞা প্রয়োজন। আদালত প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে আবেদনটি মঞ্জুর করেন।

নিষেধাজ্ঞার আওতায় যেসব ব্যক্তিরা আছেন, তাদের মধ্যে আছেন—সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ, রফিকুল ইসলাম, কবিতা খানম, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, আহসান হাবিব খান, মো. আলমগীর এবং আনিছুর রহমান।

এছাড়া নির্বাচন কমিশনের সাবেক দুই সচিব হেলালুদ্দীন আহমদ ও মোহাম্মদ সাদিকের বিরুদ্ধেও একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত ২২ জুন রাজধানীর শেরে বাংলা নগর থানায় বিএনপি মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনগুলো সংবিধান অনুযায়ী নিরপেক্ষ দায়িত্ব পালন না করে বরং ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন সম্পন্ন করেছে। এতে জনগণের ভোটাধিকার খর্ব হয়েছে।

এই মামলায় আসামির তালিকায় আরও রয়েছেন—সাবেক তিন সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ, এ কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল।

এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, এ কে এম শহীদুল হক, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ ও বর্তমান পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।

এরই মধ্যে মামলার প্রেক্ষিতে সাবেক সিইসি এ কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আদালত-সংশ্লিষ্ট সূত্র।

 

Walton Ads