গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনার

তথ্য কমিশন বাংলাদেশ সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের কোনো একক পক্ষ অবলম্বন করবে না। বরং আইন অনুযায়ী নিরপেক্ষ অবস্থানে থেকে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কাজ করবে।

Published: Updated: 1 views
গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে: প্রধান তথ্য কমিশনার
Share:

তথ্য কমিশন বাংলাদেশ সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। তিনি বলেন, তথ্য কমিশন সরকার বা জনগণের কোনো একক পক্ষ অবলম্বন করবে না। বরং আইন অনুযায়ী নিরপেক্ষ অবস্থানে থেকে জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কাজ করবে।

আজ ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১টায় তথ্য কমিশন বাংলাদেশের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নবগঠিত তথ্য কমিশনের ১০০ দিনের রোডম্যাপ তুলে ধরেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কমিশন বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে চলতি মাসের শেষ দিকে ঢাকায় তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী আরটিআই (RTI) মেলা আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইনি ও ন্যায্য প্রক্রিয়ায় অধিকার আদায়ের চর্চা গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে এনজিওগুলোর সহযোগিতায় বিভিন্ন স্কুলেও ছোট পরিসরে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

দীর্ঘদিন ধরে জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গত দুই বছরে জমে থাকা ৯১৭টি অভিযোগের শুনানি আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর আরও ২০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ পর্যায়ক্রমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

তথ্য অধিকার বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং রাজনীতিবিদদের প্রশিক্ষণের আওতায় আনা হবে জানিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, তথ্যের যথাযথ ও আইনসম্মত ব্যবহার, দায়িত্বশীল তথ্য প্রচার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি আরও বলেন, সরকারি, আধা-সরকারি এবং বিদেশি অর্থায়নে পরিচালিত সংস্থাগুলো তাদের ওয়েবসাইটে বাজেটসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করছে কি না, তা কমিশন মনিটর করবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হবে। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়েও তথ্য অবমুক্তকরণ নীতিমালা প্রণয়নে বিশ্ববিদ্যালয়সমূহকে পত্র দেওয়া হয়েছে।  

প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনার এস. এ. এম. মাহফুজুর রহমান বলেন, তথ্যের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে গণমাধ্যম তথ্য কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন। গণমাধ্যম ও তথ্য কমিশন সমন্বিতভাবে কাজ করলে সমাজ ও প্রশাসনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

মাহফুজুর রহমান বলেন, বর্তমান সময়ে তথ্যই অন্যতম প্রধান শক্তি উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি তথ্যপ্রবাহ ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন তথ্য বিকৃতি ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও বাড়িয়েছে। এ পরিস্থিতিতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য প্রচারে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি তথ্যের সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাও জরুরি। তিনি আরো বলেন, তথ্য কমিশনের সহায়তা নিয়ে সাংবাদিকগণ অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে পারেন। তথ্য সংগ্রহে যেখানে বাধা আসবে সেখানে তথ্য অধিকার আইনের সহায়তায় সাংবাদিকগণ তথ্য সংগ্রহ করতে পারেন।

তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনকে কার্যকরভাবে সামনে রেখে সাধারণ মানুষের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে নতুন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। গত ১৭ অক্টোবর নতুন কমিশন গঠিত হয় এবং ১৮ অক্টোবর দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০০ দিনে কোন কাজগুলো অগ্রাধিকার পাবে, সে বিষয়ে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 

তথ্য কমিশনার খান মোহাম্মদ আবুল হোসেন বলেন, গণতন্ত্র বিকাশের অন্যতম প্রধান পূর্বশর্ত হলো বাক্‌স্বাধীনতা নিশ্চিত করা। আর তথ্য জানার অধিকার বাক্‌স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ দুই বছর কমিশন না থাকায় বহু অভিযোগ অনিষ্পন্ন রয়েছে এবং বিভিন্ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। তথ্য অধিকার আইন প্রণয়নের ১৭ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের মধ্যে তথ্য কমিশন ও তথ্য অধিকার সম্পর্কে এখনও পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। এ বিষয়ে জনগণকে সচেতন করতে কমিশন ও গণমাধ্যমকে যৌথভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, তথ্য কমিশন প্রতিষ্ঠার ১৭ বছর পর এই প্রথম কমিশনের নিজস্ব ভবনের অভ্যন্তরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে, যা কমিশনের প্রাতিষ্ঠানিক কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দিক। ১৫ তলাবিশিষ্ট ভবন ও ৭৬ জন জনবলের অনুমোদিত সাংগঠনিক কাঠামো থাকলেও বর্তমানে মাত্র ২২ জন জনবল নিয়ে কমিশন কার্যক্রম পরিচালনা করছে। সীমিত জনবল নিয়েই জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করতে কমিশন কাজ শুরু করেছে।

প্রেস ব্রিফিংয়ে তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ওয়েব ডেস্ক
ওয়েব ডেস্ক

সাব এডিটর, NBS বাংলা | ২৪/৭ সর্বশেষ সংবাদ ও আপডেট | অন্যান্য খবর

Related News