৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বলিউডের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। কিন্তু এত বছরেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করতে পারেননি। এবার অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবিতে তার দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। এটি তার প্রথম জাতীয় পুরস্কার।

শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করে। শাহরুখের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয় করেছেন।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের। এরপর একের পর এক সফল সিনেমা উপহার দেন—ডর, বাজিগর, দিল সে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, মাই নেম ইজ খান ও চাক দে ইন্ডিয়া-র মতো বিখ্যাত সব ছবি।

তবে এত সাফল্য ও জনপ্রিয়তার পরও জাতীয় পুরস্কারের স্বীকৃতি এতদিন পাননি তিনি। ২০২3 সালে মুক্তি পাওয়া ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন শাহরুখ।

ওই একই বছরে মুক্তি পেয়েছিল ‘পাঠান’ ও ‘ডানকি’। দুই সিনেমাই ছিল বক্স অফিসে দারুণ সফল। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও রূপালি পর্দায় রাজত্ব শুরু করেন শাহরুখ।

এছাড়াও এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আরও যেসব বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে—সেরা অভিনেত্রী হিসেবে রানী মুখার্জি পেয়েছেন পুরস্কার ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।

সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘টুয়েলভথ ফেল’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন, যিনি ‘দ্য কেরালা স্টোরি’ পরিচালনা করেছেন। সেরা হিন্দি ফিচার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে ‘কাঁঠাল’।

এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে শাহরুখ খানের ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূর্ণতা পেল।

 

Walton Ads