গোয়ার বিচে ছুরি, তরোয়ালের হামলার শিকার দিল্লির এক পরিবার, গ্রেফতার ৪
দিল্লির (Delhi) এক পরিবার চলতি মাসের শুরুর দিকে গোয়ায় (Goa) গিয়ে বিপাকে পড়ল। অভিযোগ, গোয়ার বিখ্যাত আঞ্জুনা বিচে গেলে হঠাৎই তাঁদের উপর কিছু স্থানীয় লোকজন তরোয়াল এবং ছুরি নিয়ে হামলা করে। যার ফলে সেই পরিবারের অনেকেই গুরুতরভাবে আহত হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, হামলাকারীর মধ্যে থেকে চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এমনকি এক পুলিশ আধিকারিকের বিষয়েও প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে কারণ পরিবারের এক সদস্য জানান, অভিযোগ করার পর পুলিশের ওই আধিকারিক সেভাবে কোনও উদ্যোগ নেননি অভিযুক্তদের বিরুদ্ধে।
দিল্লির বাসিন্দা বছর সাতচল্লিশের অশ্বিন কুমার চন্দ্রানি জানান, মার্চের ৫ তারিখ বিকেল পাঁচটা নাগাদ তাঁদের উপর হামলা করা হয় ওই বিচে। ঘুষি, লাথি থেকে শুরু করে ক্রিকেট ব্যাট এমনকি ছুরি, তলোয়ার নিয়ে হামলা চালানো হয় তাঁদের উপর। হামলাকারীদের মধ্যে একজনের নাম রোশান, ওখানকার একটি রিসোর্টে কাজ করে। পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং হত্যার চেষ্টা করার ধারায় অভিযোগ দায়ের করে। সিসিটিভি ফুটেজের সাহায্যে গোয়া পুলিশ রোশান ছাড়াও বাকি তিনজনকে শনাক্ত করতে পারে। গ্রেফতার করা হয় রোশান সহ নিউরন রেজিনাল্ড দিয়াস, জোসেফ অ্যালেক্স লোবো এবং কাশীনাথ ভিশভর আগারওয়াদেকায়েকে। সকলেই আঞ্জুনার বাসিন্দা। বাকিদেরও খোঁজার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
যতীন শর্মা বলে এক ব্যক্তি ইনস্টাগ্রামে এই হামলার ভিডিওটি শেয়ার করেছেন। তাঁরই পরিবারের এক সদস্য জানান, তাঁরা আঞ্জুনার স্পাজিও লেইসার রিসোর্টে থাকার জন্য গিয়েছিল। কোনও একটি বিষয় নিয়ে ওখানকার এক কর্মচারীর সঙ্গে ঝামেলা লাগলে ওই পরিবার হোটেলের ম্যানেজারকে খবর দেন। ম্যানেজার বিষয়টি জানতে পারলে ওই কর্মচারীকে কাজ থেকে বরখাস্ত করে দেন। এরপরই ওই কর্মচারী তাঁর বন্ধুবান্ধবদের ডেকে ওই পরিবারের উপর হামলা চালায়।
গোয়া পুলিশের কর্মকর্তারা ছাড়াও গোয়ার মুখ্যমন্ত্রী ডা. প্রমোদ সাওয়ান্ত একটি টুইটের মাধ্যমে জানান, এমন ঘটনা কখনই মেনে নেওয়া যায় না। এর পেছনে যারা জড়িত তাদের দ্রুত পুলিশ গ্রেফতার করবে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ঘটনাটির তদন্তের দায়িত্ব অন্য একজন আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে