উদয়পুর হত্যাকাণ্ডে পাক যোগ? সন্দেহ গোয়েন্দাদের, তদন্তে এনআইএ
উদয়পুর হত্যাকাণ্ডের (Udaypur Murder) সঙ্গে পাকিস্তানের দুটি ইসলামপন্থী জঙ্গী সংগঠনের সম্পর্ক নিয়ে খোঁজখবর শুরু করেছেন গোয়েন্দারা। হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই অভিযুক্ত রিয়াজ আত্তারি এবং গাউস মহম্মদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ করাচির দাওয়াত ই ইসলামি এবং তেহরিক ই লব্বাইক নামে দুটি সংগঠনের নাম পেয়েছে। ওই সংগঠনের ভাবধারায় বিশ্বাস করে উদয়পুরের খুনিরা। জেরায় জানিয়েছে তারা। করাচিতে অবস্থিত সংগঠন দুটি মুসলিম দুনিয়ায় শরিয়ত ব্যবস্থার প্রসারে কাজ করে। তাদের সঙ্গে ধৃতদের সরাসরি যোগ ছিল কিনা, খুনের পিছনে প্রেরণা জুগিয়েছে কিনা তদন্ত করছে পুলিশ।
এদিকে উদয়পুরের ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ (NIA)। জানা গিয়েছে, নিহত কানহাইয়ালাল পুলিশের কাছে আগে অভিযোগ করেছিলেন তাঁকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। ওই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগকারীদের ডেকে মুখোমুখি আলোচনা করে বিবাদ মীমাংসার ব্যবস্থা করেছিল।
কানহাইয়ালালের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নূপুর শর্মার পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং আদালত থেকে তিনি জামিন পান।
জানা যাচ্ছে, খুনের হুমকি পাওয়ার পর পুলিশ কানাহাইয়ালালের প্রতিবেশীদের ডেকে থানায় মুখোমুখি বসিয়ে শান্তি রক্ষার পক্ষে শপথ নিতে বলে। সকলে লিখিতভাবে মত দেয় তারা সম্প্রীতি বজায় রাখবে। তারপরও কেন এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে
