উদয়পুরের ‘খুনিদের’ মারধর আদালত চত্বরে, এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি, উঠল পাক বিরোধী স্লোগানও
উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডের (Udaipur Tailor Murder) মূল দুই অভিযুক্তের হেফাজতের মেয়াদ বাড়িয়েছে জয়পুরের এনআইএ আদালত। শনিবার দুই অভিযুক্তকে বিশেষ এনআইএ আদালতে তোলা হয়েছিল। যখন রায় ঘোষণা হচ্ছিল তখন আদালত চত্বরে বহু মানুষের ভিড়। মুর্হূমুর্হূ উঠছিল পাক বিরোধী স্লোগান। অভিযুক্তদের প্রিজন ভ্যানে তোলার সময়েই বিপত্তি ঘটল। উন্মত্ত জনতা ঝাঁপিয়ে পড়ল তাদের ওপরে। তারপরেই এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি। ছিঁড়ে দেওয়া হল জামাকাপড়।
পয়গম্বর মহম্মদকে নিয়ে বিজেপি-র প্রাক্তন নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) মন্তব্যকে সমর্থন করায় উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে গলা চিরে খুন করে রিয়াজ এবং তার সঙ্গী গোস মহম্মদ। তার পর বাইকে চেপে চম্পট দেয়। সেই বাইকের নম্বর ‘আর জে ২৭ এ এস ২৬১১’। উদয়পুর থেকে ৪৫ কিলোমিটার দূরে রাজসমন্দ জেলায় পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে দু’ জন। ৪৬ বছরের কানহাইয়ার শরীরে ২৬টি ক্ষত মিলেছে (Udaipur Tailor Murder)। ভয়াবহ ওই খুনের ভিডিয়ো তোলে রিয়াজরা। পরে সেটি নেটমাধ্যমে পোস্ট করে।
শনিবার তাদের জয়পুরের বিশেষ এনআইএ আদালতে তোলা হয়। তার জন্য কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল আদালত চত্বর। আদালত থেকে তাঁদের বের করে আনার সময় কয়েকশো মানুষের ভিড় জমে ছিল। অভিযুক্তদের দেখামাত্রই ‘পাকিস্তান মুর্দাবাদ’, ‘কানহাইয়ার খুনিদের ফাঁসি হোক’ রব ওঠে। পাকিস্তান বিরোধী স্লোগান দিতে দিতেই অভিযুক্তদের ওপর ঝাঁপিয়ে পড়ে উন্মত্ত জনতা। চড়-থাপ্পড়, কিল-ঘুষি উড়ে আসতে শুরু করে দুই দিক থেকে। শুরু হয় পুলিশের সঙ্গে টানা-হ্যাঁচড়াও। কোনও রকমে ভিড়ের হাত থেকে ওই দু’জনকে উদ্ধার করে ভ্যানে তোলা হয়। আদালত চত্বরের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
আগামী ১২ জুলাই পর্যন্ত দুই অভিযুক্তের হেফাজতের মেয়াদ বাড়িয়েছে বিশেষ এনআইএ আদালত। তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, সেই অনুযায়ী, খুন হওয়ার আগে প্রাণের ঝুঁকি রয়েছে বলে স্থানীয় পুলিশকে জানিয়েছিলেন কানহাইয়া। সোশ্যাল মিডিয়ায় হুমকি পেয়েছিলেন বলে জানান। এর পরই খুন হতে হয় তাঁকে (Udaipur Tailor Murder)। এই ঘটনার পর উদয়পুরের আইজি, পুলিশ সুপার-সহ ৩২ জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। উদয়পুর জুড়ে জারি করা হয়েছে কার্ফু।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
