ভারতের হরিয়ানা পুলিশ পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। 'Travel with Jo' নামের তার ইউটিউব চ্যানেলে ৩.৭৭ লাখ সাবস্ক্রাইবার রয়েছে।

জ্যোতি চলতি বছরের শুরুতে পাকিস্তান সফর করেন এবং লাহোরের আনারকলি বাজার, কাটাস রাজমন্দিরসহ বিভিন্ন স্থানের ভিডিও আপলোড করেন। তার কিছু ভিডিওতে পাকিস্তানের ইতিবাচক দিক তুলে ধরা হয়, যা তদন্তকারীদের সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়।

তদন্তে জানা গেছে, জ্যোতি ২০২৩ সালে প্রথম পাকিস্তান ভ্রমণ করেন এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা এহসান-উর-রহিমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, তিনি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে পাকিস্তানি এজেন্টদের সাথে যোগাযোগ রেখেছেন এবং সংবেদনশীল তথ্য পাচার করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, জ্যোতি তিনবার পাকিস্তান সফর করেছেন এবং এক পাকিস্তানি গোয়েন্দা কর্মীর সাথে ইন্দোনেশিয়ার বালি ভ্রমণও করেছেন। তার ফোনে বিভিন্ন ছদ্মনামে পরিচিতি সেভ করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

news