শান্তিনিকেতনে ইডি, ‘অপা’য় তল্লাশির সম্ভাবনা! পার্থ-অর্পিতার আরও সম্পত্তির খোঁজ মিলবে কি
ইডি-র নজরে এবার শান্তিনিকেতনের (Shantiniketan) ‘অপা’। সুসজ্জিত এই বাড়িটিতে তল্লাশি চালানো হতে পারে বলে খবর। সিজিও কমপ্লেক্স থেকে বুধবার সকাল সকাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) ৬টি গাড়ি রওনা দিয়েছে। জেলায় জেলায় বুধবার ইডি-র তল্লাশি চলবে বলে মনে করা হচ্ছে।
বুধবার সকালেই শান্তিনিকেতনে পৌঁছে গেছেন ইডি-র আধিকারিকরা। ইডি-র একটি টিম মঙ্গলবার রাত থেকেই সেখানে রয়েছে। বোলপুর-বীরভূমে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) নামে-বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। সেই সম্পত্তির হদিশ পেতেই বোলপুরে পৌঁছেছেন ইডি কর্তারা।
শান্তিনিকেতনের ফুলডাঙায় একটি সুসজ্জিত বাগানবাড়ি রয়েছে, যার নাম ‘অপা’। এই বাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বলে দাবি করেছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর গ্রেফতারি এবং তাঁর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হওয়ার পর বাংলার রাজনীতিতে ‘হট টপিক’ হয়ে গেছে ‘অপা’। এমনকি শান্তিনিকেতনে যাঁরা বেড়াতে যাচ্ছেন তাঁদের কাছেও আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বাড়ি। সেলফি তোলার ঢল নেমেছে ‘অপা’র সামনে।
বুধবার শান্তিনিকেতনে ইডি-র টিম পৌঁছনোর পর তাই জোর জল্পনা, ‘অপা’তেও কি তল্লাশি চালাবেন কেন্দ্রীয় গোয়ান্দারা? সেখান থেকেও কি মিলবে টাকার পাহাড়? উত্তর দেবে সময়।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে