ভারতীয় পড়ুয়াদের জন্য খুলতে চলেছে চিনের দরজা! দুই বছরের বেশি সময় পর ভিসা দেবে বেজিং

দু’বছরের বেশি! একটা লম্বা সময় পর ফের ভারতীয়দের জন্য চিনের দরজা খুলছে। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের তরফে ভারতীয় পড়ুয়া (Indian Student), ব্যবসায়ী ও কাজের জন্য যাঁরা চিনে যেতে চান, সকলের জন্য ভিসা দেওয়ার কথা ঘোষণা করে (China X1 Visa)। করোনা ও কোভিড নিয়মের বেড়াজালে চিনে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞা এবার উঠতে চলেছে।

সোমবার চিনের বিদেশমন্ত্রী জি রং টুইট করে এই সুখবর জানান। তিনি টুইটে বলেন, ভারতীয়দের আন্তরিক অভিনন্দন। আপনারা ধৈর্যের প্রমাণ দিয়েছেন। চিনে আপনাদের স্বাগত।

দিল্লির চিনা দূতাবাস ভিসা দেওয়ার কথা জানিয়েছে। পড়ুয়ারা, যাঁরা চিনে গিয়ে পড়াশুনা করতে চান তাঁদের জন্য এক্স ওয়ান ভিসা দেওয়া হবে। মূলত, বেশিরভাগ পড়ুয়াই মেডিক্যালে পড়ার জন্য চিনে যেতেন। কিন্তু করোনারে কারণে ২০২০ সালের পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল সেই পথ।


ইতিমধ্যেই কয়েকশ পড়ুয়া চিনে গিয়ে তাঁদের পড়াশুনা শেষ করতে চান বলে আবেদন জানিয়েছেন। এমনই একটি তালিকা ভারতের তরফে চিনের কাছে পাঠানো হয়েছে। সোমবার দিল্লির চিনা দূতাবাস থেকে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন ও পুরনো সকল পড়ুয়াই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

তবে পড়ুয়াদের উদ্দেশে আরও জানানো হয়েছে চিনে পড়তে গেলে নতুন শিক্ষার্থীদের ওই দেশের বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। পুরনো পড়ুয়াদের ক্ষেত্রে তাঁরা যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেই বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র জমা করতে হবে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই হাজার জন পড়ুয়া তাঁদের পড়াশুনা শেষ করার জন্য চিনে ফিরে যেতে চেয়ে আবেদন জানিয়েছেন। শীঘ্রই দুই দেশের মধ্যে বিমান পরিষেবাও চালু হয়ে যাবে। এই নিয়ে দুই দেশের মধ্যে কথাবার্তাও চলছে বলে খবর। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads