আদানির বিনিয়োগে কেন আপত্তি নেই রাহুলের, স্পষ্ট ব্যাখ্যা দিলেন যাত্রার ফাঁকে
শুক্রবার রাজস্থানের (Rajasthan) কংগ্রেস (Congress) সরকারের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি (Gautam Adani)। সেই মঞ্চ থেকে গেহলটকে ‘ভাই’ বলার পাশাপাশি গৌতম আদানি ঘোষণা করেছেন রাজস্থানে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাঁর সংস্থা।
গেহলট-আদানির সেই পাশাপাশি ছবি নিয়ে শনিবার সকাল থেকেই টুইটারে বাজার গরম রেখেছিল বিজেপি। গেরুয়া শিবিরের প্রশ্ন তুলেছিল, রাহুল গান্ধী (Rahul Gandhi) যে কথায় কথায় আদানি-আম্বানি নিয়ে টিপ্পনি কাটেন, কোথায় গেল এবার সেসব কথা?
শনিবার ভারতজোড়ো যাত্রার ফাঁকে কর্ণাটকে এ ব্যাপারে জবাব দিলেন রাহুল গান্ধী।
এদিন কংগ্রেস নেতা বলেন, “আমি কোনও কর্পোরেটের বিরুদ্ধে নই। কিন্তু যেভাবে রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে একটা, দুটো, তিনটে বা চারটে শিল্প গোষ্ঠীকে গোটা দেশের বাণিজ্যের একচেটিয়া আধিপত্য কায়েমের পথ করে দেওয়া হচ্ছে আমি তার বিরোধিতা করেছি। সেই বিরোধিতা জারি থাকবে।”
‘রিমোর্ট কন্ট্রোল’ তত্ত্ব নস্যাৎ রাহুলের, বললেন, শশী-খাড়্গেরা নিজেদের যোগ্যতায় লড়ছেন
এক সাংবাদিক এদিন রাহুলের উদ্দেশে প্রশ্ন করেন, আপনিই তো আদানি-আম্বানিদের বিরোধিতা করেন। রাজস্থানের কংগ্রেস সরকার, মুখ্যমন্ত্রী অশোক গেহলট যেভাবে আদর-আপ্যায়ণ করে গৌতম আদানিকে সেই রাজ্যে নিয়ে গেলেন, তাকে কী বলবেন?
এই প্রশ্ন করামাত্রই প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “ভারতজোড়ো যাত্রা নিয়ে যা প্রশ্ন করার করুন। তার বাইরে যা প্রশ্ন আছে সেগুলো এখন জবাব দেওয়ার নয়।” কিন্তু জয়রামকে থামিয়ে দিয়ে রাহুল আরও এই সংক্রান্ত প্রশ্ন নিয়ে নেন সাংবাদিকদের থেকে। তারপর এক-দুই-তিন করে জবাব দেন।”
রাহুল আরও বলেন, “কোনও শিল্পগোষ্ঠী যদি কোনও রাজ্যে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান, তাহলে সেই প্রস্তাব কোনও রাজ্য সরকার বা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে ফেরানো সম্ভব নয়।” রাহুল স্পষ্ট করেই বলেন, তাঁর বিরোধিতাটা মৌলিক জায়গায়। এখানে আদানি-আম্বানি প্রতীক মাত্র। মোদী সরকারের সময়ে যে ব্যবস্থা দেশে তৈরি হয়েছে রাহুল সেটাকেই আক্রমণ করতে চেয়েছেন। তাঁর কথায়, এ ব্যবস্থা আসলে কয়েকজনের সম্পদের প্রাচুর্য বাড়ালেও সার্বিকভাবে দেশের অর্থনীতিকে দুর্বল করছে।
রাহুলের কথায়, ইদানীং দেখা যাচ্ছে, রাজনৈতিক মদতে এক শ্রেণির ব্যবসায়ী দেশের সবরকমের ব্যবসায় একচেটিয়া কারবার করতে চাইছেন। তা ঠিক নয়। এতে দেশের অর্থনীতি মজবুত হবে না। আমার বিরোধিতা সে কারণেই। রাজস্থানে আদানির বিনিয়োগ টানতে অশোক গেহলট রাজনৈতিক ভাবে কোনও সুবিধা করে দেননি। তাই এতে আপত্তির প্রশ্ন নেই।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে