পশ্চিমবঙ্গে আলাদা কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল গঠনের জল্পনা উসকে দিলেন অনন্ত মহারাজ, অস্বীকার করল বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গের ‘গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’-এর মুখ্য উপদেষ্টা অনন্ত মহারাজ উত্তরবঙ্গকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার বিষয়ে বলেছেন, ‘সরকার ঘোষণা করে দিয়েছে। শুধু সময়ের অপেক্ষা। আলাদা রাজ্য হচ্ছেই, একশো ভাগ হচ্ছে। এখন তা শুধু সময়ের অপেক্ষা।’
গতকাল (শুক্রবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করতে তার দিনহাটার ভেটাগুড়ির বাড়িতে গিয়েছিলেন অনন্ত মহারাজ। সেখানে দীর্ঘ বৈঠক শেষে বেরিয়ে তিনি ফের উসকে দিয়েছেন বাংলা ভাগের জল্পনা। এরফলে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
অনন্ত মহারাজের সঙ্গে দেখা করার বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘ওনার সঙ্গে আমার আলাদা ভালো সম্পর্ক রয়েছে। উনি মাঝে মধ্যে আমার বাড়িতে আসেন। আমিও তার সঙ্গে দেখা করতে যাই।’ কিন্তু আলাদা রাজ্য বা কেন্দ্রীয় সরকারশাসিত অঞ্চলের দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কিছু বলতে চাননি। তবে তিনি বিষয়টি দৃঢ়ভাবে অস্বীকারও করেননি।
এ প্রসঙ্গে আজ (শনিবার)পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এ দাবি করল, ও দাবি করল, সে দাবি করল, সে তো মোদীর বিরুদ্ধেও বহুলোক বহু দাবি করেন, সেগুলো তো আলাদা পার্ট। দিলীপ ঘোষ বলুন তিনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি হিসেবে বঙ্গভঙ্গ চান কী চান না? এটা স্পষ্ট করে আগে নিজেরা বলুন।’
অন্যদিকে, আজ বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘ভারতীয় জনতা পার্টির কোনো কার্যক্রমে, কোনো এজেন্ডায় কখনও পৃথক রাজ্যের কথা পশ্চিমবাংলার ক্ষেত্রে বলা হয়নি। এর চেয়ে স্পষ্ট করে আর কী বলা যাবে?’ এদিকে, অনন্ত মহারাজকে কটাক্ষ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তার কথায়, ‘আলাদা রাজ্য হবে, আর উনি রাজা হবেন! আসলে সাতমণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না!’
অনন্ত মহারাজের মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন কুচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। কুচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মণ বলেন, ‘অনন্ত বলছেন রাজ্য ভাগ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু যার সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে তিনি এ সব বলেছেন, তিনি কিন্তু কিছুই বললেন না। অর্থাৎ, বোঝাই যাচ্ছে বিষয়টি অশ্বডিম্ব!’ একই সঙ্গে অনন্ত মহারাজ যে ভাবে তৃণমূল ও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, তাকেও চালাকি বলে অভিহিত করছে কুচবিহার জেলার তৃণমূলের নেতারা।
গত কয়েকমাস ধরে ‘উত্তরবঙ্গ’নিয়ে কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলের জল্পনা চলছে। উত্তরবঙ্গের আট জেলা, বিহারের কিষানগঞ্জ এবং পূর্ণিয়া এবং অসমের ধুবড়ি নিয়ে গঠিত হবে কেন্দ্রশাসিত অঞ্চল—এমনই জল্পনা ছড়িয়েছে। সেই অনুযায়ী ইতোমধ্যেই ঘনঘন উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। তারা অসম ও বিহারেও যাচ্ছেন। গণমাধ্যমে প্রকাশ, কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল ইস্যুতে জনমত জরিপ, আর্থ-সামাজিক বিশ্লেষণ চলছে। এসব খবরের মধ্যে এবার অনন্ত মহারাজের মুখে কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলের কথা উঠে আসায় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে