হিমাচল প্রদেশে নির্বাচনের আগে ‘অভিন্ন দেওয়ানি বিধি’সহ ১১টি প্রতিশ্রুতি বিজেপি’র
ভারতের হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের সংকল্প পত্র বা ইশতেহার প্রকাশ করেছে। আজ (রোববার) সিমলায় নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বিজেপির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা )বলেন, হিমাচলে অভিন্ন দেওয়ানী আইন আনা হবে।
রাজ্যটিতে হিন্দুত্ববাদী বিজেপি এবার ১১টি সংকল্প নিয়ে নির্বাচনী ময়দানে নামছে। বিজেপির জাতীয় সহসভাপতি জেপি নাড্ডার পক্ষ থেকে প্রকাশিত ইশতেহারে প্রধান ও গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিতে রাজ্যটিতে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্যকর করার কথা বলা হয়েছে।
এ সম্পর্কে বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ বলেন, ‘সর্বপ্রথম পয়েন্ট হল আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এখানে ‘অভিন্ন দেওয়ানী আইন’ বা ‘ইউনিফর্ম সিভিল কোড’ আনবো। এবং এ জন্য বিশেষজ্ঞদের একটি কমিটি গঠন করা হবে। তাদের রিপোর্টের ভিত্তিতে হিমাচল প্রদেশে অভিন্ন দেওয়ানী বিধি কার্যকর করা হবে।’
বিজেপির ইশতেহারে আরও বলা হয়েছে, আট লাখেরও বেশি যুবককে সরকারি চাকরি দেওয়া হবে। সমস্ত গ্রাম পাকা রাস্তা দ্বারা সংযুক্ত করা হবে। বিজেপি পরিকাঠামো ও পরিবহণ ক্ষেত্রে উন্নয়নের জন্য শক্তি নামে একটি কর্মসূচি শুরু করবে। এর মাধ্যমে ধর্মীয় মন্দির ও স্থানগুলো সড়কপথে সংযুক্ত হবে। শহীদ সেনাদের পরিবারকে সহায়তার পরিমাণ বাড়ানো হবে ইত্যাদি।
বিজেপির দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির মধ্যে বহুলালোচিত ও বিতর্কিত বিষয় হল অভিন্ন দেওয়ানী আইন বা ‘ইউনিফর্ম সিভিল কোড’কার্যকর করার প্রতিশ্রুতি। এরকম কোন আইন বাস্তবায়িত হলে বিবাহ, বিবাহ বিচ্ছেদ বা সম্পত্তির উত্তরাধিকারের, দত্তক ইত্যাদির মত বিষয়গুলোর ক্ষেত্রে বিভিন্ন সম্পদ্রায়ের মানুষজন নিজ নিজ ধর্ম অনুযায়ী যে ভিন্ন ভিন্ন ‘ব্যক্তিগত আইন’ অনুসরণ করেন, তা আর থাকবে না। ধর্ম, লিঙ্গ, বা যৌন অভিরুচি নির্বিশেষে সবার জন্য একটিই অভিন্ন আইন হবে। ভারতে মুসলিমদের মধ্যে কিছু ক্ষেত্রে শরীয়াহ বিধি চালু রয়েছে। কিন্তু ‘অভিন্ন দেওয়ানি বিধি’কার্যকর হলে সেই বিধি গুরুত্ব হারাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে