উপনির্বাচন: বিহারের আসন দখলে রাখল বিজেপি, বাকি পাঁচ রাজ্যেও ভাল ফল পদ্ম শিবিরের
হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহারে গোপালগঞ্জ বিধানসভা আসনটি দখলে রাখল বিজেপি (BJP Wins in Bihar)। দু হাজার ভোটের ব্যবধানে ওই আসনে পদ্ম চিহ্নের প্রার্থী কুসুম দেবী জয়ী হয়েছেন। গত পরশু গোপালগঞ্জ ছাড়াও বিহারের মোকামা বিধানসভা আসনেও উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। সেই আসনে জিতেছে রাষ্ট্রীয় জনতা দল। আসনটি তাদের দখলেই ছিল (Assembly Election)।
গত পরশু ছয় রাজ্যের মোট সাতটি বিধানসভায় উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়েছে। বিজেপির দখলে গিয়েছে চারটি আসন।
অন্য রাজ্যের মধ্যে হরিয়ানার আদমপুর আসনে প্রথমবার জয় পেয়েছে বিজেপি। বিহারের গোপালগঞ্জের পাশাপাশি উত্তর প্রদেশের গোলা গোকর্নাথ আসনও বিজেপি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। ওড়িশার ধামনগরে বিজেডি প্রার্থীর চেয়ে এগিয়ে বিজেপি। একই সময়ে, দক্ষিণ ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুরুগোদে আসনে টিআরএস এগিয়ে থাকলেও শাসক দলকে তুমুল লড়াইয়ের মুখে ফেলেছে পদ্ম শিবির। (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আগামী ১২ নভেম্বর হিমাচলপ্রদেশে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। ১ এবং ৫ ডিসেম্বর ভোট নেওয়া হবে গুজরাতে। তার আগে ছয় রাজ্যের সাত আসনের উপনির্বাচনে মোটের উপর সন্তোষজনক ফল করল কেন্দ্রের শাসক দল। উপনির্বাচনের ফলে খুশি বিজেপির ত্রয়ী নরেন্দ্র মোদী-অমিত শাহ-জেপি নাড্ডা।
বিহারের গোপালগঞ্জ আসনে বিজেপির প্রধান প্রতিপক্ষ ছিল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল। গোপালগঞ্জ লালুপ্রসাদ ও তাঁর স্ত্রী বাবড়ী দেবীর জন্মস্থান। লালুপ্রসাদের রাজনীতিও শুরু গোপালগঞ্জে। তবে ২০০৫ সাল থেকে বিধানসভা আসনটি ছিল বিজেপির দখলে।
এবার বিজেপি উপনির্বাচনে মোটেই স্বস্তিতে ছিল না। নীতীশ কুমার বিজেপির সঙ্গ ছেড়ে যাওয়ার পর এই প্রথম বিহারে দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হল। গোপালগঞ্জের ফলাফল নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। ভোটের ফলে স্পষ্ট বিরোধীদের অনৈক্যের সুযোগে বিজেপি আসনটি দখলে রাখতে পারল।
বিরোধী অনৈক্যে বড় ভূমিকা নিয়েছে এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি এবং বিএসপি নেত্রী মায়াবতী, এমনটাই অভিযোগ করছে আরজেডি। গোপালগঞ্জে বিএসপির প্রার্থী ছিলেন তেজস্বী যাদবের মানি ইন্দ্রাণী দেবী। লালুপ্রসাদের মেজো শ্যালক সাধু যাদবের স্ত্রী ইন্দ্রাণী আট হাজার ভোট পেয়েছেন।
অন্যদিকে, ওয়েইসির প্রার্থী আব্দুল সালাম ১১ হাজার ভোট কেটে নিয়েছেন। আরজেডির মুসলিম ভোট ওয়েইসির পার্টিতে চলে যাওয়া নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তেজস্বী যাদব অভিযোগ তুলেছেন, বিজেপির বি-টিম হিসাবেই বিরোধী ভোটে ভাগ বসিয়ে এআইএমআইএম এবম বিএসপি পদ্ম শিবিরের যাত্রা নিশ্চিত করেছে।
বিজেপি শিবির উপ নির্বাচনের ফলাফলে খুশি। হরিয়ানায় একটি বাড়তি আসন তাদের হাতে এসেছে। তেলেঙ্গানায় অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর মহারাষ্ট্রে মুম্বইয়ের আন্ধেরী-পূর্ব আসনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের প্রার্থী। কারণ, স্থানীয় নানা সমীকরণ মেনে সেখানে বিজেপি প্রার্থী প্রত্যাহার করে নিয়েছিল। শিবসেনার একনাথ শিণ্ডে শিবিরও সেখানে লড়াই করেনি।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে