গুজরাতে ওয়েইসির তুলনায় মোদীর দলকে বেশি পছন্দ মুসলিম ভোটারদের

 গুজরাতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই সামনে আসছে ভোট নিয়ে নানা চমকপ্রদ তথ্য। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সমীক্ষায় প্রাপ্ত ফল বলছে, গুজরাতে মুসলিম ভোটারদের আসাউদ্দিন ওয়েইসির এআইএমআইএমের তুলনায় নরেন্দ্র মোদীর বিজেপিকে বেশি পছন্দ (Muslim voters prefer BJP )। যদিও মুসলিম ভোটারদের সামান্য অংশই এই দুই দলকে ভোট দেওয়ার কথা বলেছেন।

গুজরাতের ভোটে এবার নতুন প্লেয়ার হল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং ওয়েইসির (Owaisi) এআইএমআইএম। স্বভাবতই এই দুই দলকে নিয়ে কৌতুহল আছে ভোটারদের মধ্যে। ভোটের ময়দানে বিজেপি (BJP) যেমন হিন্দুদের দল বলে পরিচিত তেমনই ওয়েইসির দল মুসলিমদের স্বঘোষিত মঁসিহা হিসাবে ময়দানে অবতীর্ণ হয়েছে। ওয়েইসি অর্ধেকের বেশি আসনে প্রার্থী দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের মতো হায়দরাবাদের সাংসদও দলের মুখ হিসাবে অবতীর্ণ হয়েছেন ময়দানে।
কিন্তু সমীক্ষার ফল বলছে, যে অল্প সংখ্যক মুসলিম ভোটার কংগ্রেস ও আপের পরিবর্তে তৃতীয় ও চতুর্থ দলকে ভোট দিতে পারেন, তাদের মধ্যে পছন্দের নিরিখে ওয়েইসির দলের তুলনায় এগিয়ে বিজেপি।

গুজরাতে মুসলিম ভোটের সিংহভাগ ছিল কংগ্রেসের দখলে। পাঁচ বছর আগের বিধানসভা ভোটেও মুসলিম ভোটের আশি শতাংশ যায় হাতচিহ্নের পক্ষে। কিন্তু এবারের সমীক্ষা বলছে, কংগ্রেস মুসলিম ভোটের খুব বেশি হলে ৪৭ শতাংশ পেতে পারে। সংখ্যালঘু ভোটের বাকি অংশের সিংহভাগ যাবে আপের ঝুলিতে। আপ পেতে পারে ২৫ শতাংশের মুসলিমের ভোট। বিজেপি পেতে পারে ১৯ শতাংশের ভোট। অন্যদিকে, ওয়েইসির দল পেতে পারে মাত্র নয় শতাংশের সমর্থন। 

সমীক্ষা অনুযায়ী, গুজরাতে মুসলিমদের বিজেপির প্রতি সমর্থনের হ্রাস-বৃদ্ধি ঘটেনি। রাজ্যের ১০ শতাংশ মুসলিম ভোটারের আশিভাগ এতকাল কংগ্রেসের পাশে ছিল। অন্যদিকে, ২০ শতাংশের কাছাকাছি বিজেপিকেই সরকারে চেয়েছে। বিশেষজ্ঞদের মতে, গুজরাতে সব ধর্মের মানুষই ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত। বিজেপির পাশে থাকা সংখ্যালঘুদের বেশিরভাগই সিয়া মুসলিম এবং বণিক সম্প্রদায়ের মানুষ। বিজেপি সরকারের সময়ে তারা নানাভাবে উপকৃত হয়েছে। তাছাড়া, শিয়া মুসলিমরা বহু বছর ধরেই বিজেপির সঙ্গে আছে।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

Walton Ads