কাতারে বিশ্বকাপ, কলকাতায় বিশ্বের খাবার! কিক, অফসাইড, পেনাল্টি– কী নেই ‘সপ্তপদী’র মেনুকার্ডে
‘সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল!’ গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মান্না দের বিখ্যাত এই গান সত্যিই যেন বাঙালির মজ্জায়। বাঙালি এবং ফুটবল যেন সমার্থক শব্দ। ফুটবলপ্রেমিক কলকাতা আর্জেন্টিনা, ব্রাজিলের জয়ে বোমা ফাটিয়ে উদযাপন করে। আবার বাঙালি তেমনই খাদ্যরসিকও। এই দুই-ই যেন বাঙালির পরিচয়।
এখন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ নিয়েও তাই মানুষের উন্মাদনার পারদ তুঙ্গে। সেই উন্মাদনার সঙ্গেই খাদ্যপ্রেমের মিশেলে সপ্তপদী (Saptapadi Restaurant) রেস্তোরাঁয় ফুটবল বিশ্বকাপের স্পেশ্যাল মেনু (World Cup Special Menu) সাজিয়েছেন রেস্তোরাঁর কর্ণধার তথা শেফ রঞ্জন বিশ্বাস।
বাঙালি ক্যুইজিনের সঙ্গে আর্জেন্টিনা, ব্রাজিল, সাউথ কোরিয়ান, ইংল্যান্ড, কাতার, স্প্যানিশ, মেক্সিকো– ইত্যাদি বিভিন্ন দেশের জনপ্রিয় ডিশ থেকে অনুপ্রাণিত হয়ে কন্টিনেন্টাল ডিশ লঞ্চ করেছেন রঞ্জন বিশ্বাস। এককথায় বলা যায়, এই মেনু বাঙালি এবং কন্টিনেন্টাল ডিশের যুগলবন্দি।
এই স্পেশ্যাল মেনুর মধ্যে উল্লেখযোগ্য আইটেম হল, মিক্সড ফ্রুট সেন্টার কিক, ক্রিস্পি মুরগির গোল কিক, ভেটকি এনভেলপ ফ্রি কিক, পোস্ত চিংড়ির অফসাইড, কর্ণ চিজ রাঙালুর পেনাল্টি, মাংস মুরগির হ্যাটট্রিক, গোবিন্দভোগ আর মাংসর হেড, টফি অ্যান্ড আইসক্রিমের ফাউল ইত্যাদি। এই সব আইটেমই একটি থালিতে পাওয়া যাবে। ১০-১২ রকমের আমিষ-নিরামিষ পদ থাকবে থালিতে।
রঞ্জন বিশ্বাস জানালেন, ‘এখন যেহেতু ফুটবলের বিশ্বকাপ চলছে, তাই মানুষের উল্লাসকে খাবারের মাধ্যমে উদযাপন করানোর চেষ্টা করেছি। যেহেতু বিদেশি খেলা দেখতে মানুষ ভালবাসে, তাই বাঙালি ফ্লেভারকে বজায় রেখেই এখানে এখন কন্টিনেন্টাল মেনু পাওয়া যাবে, যাতে নতুনত্বের স্বাদ মিলবে। বাঙালিরা নতুনত্ব আস্বাদন করতে খুবই পছন্দ করেন। চার বছর অন্তর ফিরে আসা বিশ্বকাপ নিয়ে মাতামাতি চিরন্তন। তাই বাঙালি খাবারের স্বাদের সঙ্গে একটু বিদেশি খাবারের মেলবন্ধন করে কন্টিনেন্টাল ডিশ এনেছি আমরা।’
যাদবপুর শাখা বাদ দিয়ে এঁদের বাকি তিনটে শাখা অর্থাৎ গোলপার্ক, বেহালা ও সল্টলেক শাখায় এই বিশ্বকাপ স্পেশ্যাল মেনু থালিতে পাওয়া যাবে। এই মেনু মিলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। খরচ: ৭৯৯ টাকা+জিএসটি। যোগাযোগ: ৯০০৭৯১২৪৩৩।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে