বোরখা পরে হিন্দি চটুল গানে নাচ চার পড়ুয়ার! কর্নাটক কলেজে ভিডিও ঘিরে বিতর্ক


চলছিল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে উঠে এলেন ওই কলেজেরই চারজন পড়ুয়া। সকলের পরনেই বোরখা। বলিউডি গানে কোমর দোলালেন তাঁরা! এই নাচের ভিডিও সামনে আসতেই ফের হিজাব বিতর্ককে (Karanataka Hijab Row) নতুন করে উস্কে দিল।
সম্প্রতি হিজাব বিতর্কে তোলপাড় হয়ে উঠেছিল কর্নাটক। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিয়ে কর্তৃপক্ষের আপত্তি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। যুক্তি-পাল্টা যুক্তিতে সরগরম হয়েছিল। এই ঘটনায় লেগেছিল রাজনীতির রঙও। সেই বিতর্কের আঁচ কিছুটা কম থাকলেও চাপা আগুন এখনও আছে। এমন পরিস্থিতিতে দক্ষিণে এই ছোট্ট রাজ্যের মেঙ্গালুরুর একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ভিডিও সামনে এল (Mangaluru college)।
ঘটনাটি ঘটেছে মেঙ্গালুরুর সেন্ট জোসেফ ইঞ্জিনিয়ারিং কলেজে। সেই কলেজের একটি অনুষ্ঠানে চারজন ছাত্র জনপ্রিয় হিন্দি গান ‘ফেভিকল সে’ গানে বোরখা ও হিজাব পরে নাচলেন। এই ভিডিও (Viral Video) সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে। এই ঘটনা নির্দিষ্ট ধর্মালম্বী মানুষের ভাবাবেগে আঘাত লেগেছে বলে সমালোচনার ঝড় উঠেছে। এমনকী কলেজ কর্তৃপক্ষ কীভাবে এই বিষয়টির অনুমতি দিল সেই নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের সূচিতে এমন কোনও বলিউডি গানের উল্লখে ছিল না। এমন কাণ্ড ঘটিয়ে পড়ুয়ারা কলেজের নির্দেশিকা লঙ্ঘন করেছেন। ফলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।


খবর দ্য ওয়ালের / এনবিএস/২০২২/একে

Walton Ads