চুরির সময় আটকে গিয়েছিল কলকবজা, আস্ত এটিএম মেশিন উপড়ে নিয়ে গেল চোরের দল
এটিএম যে রাতে রক্ষীবিহীন থাকে, তা আগেই চোরেদের নজরে এসেছিল। সেই জন্য রাতের অন্ধকারেই চুরির ছক কষেছিল তারা। এরপর চুরি করতে এসে অন্য গেরো! মেশিনটি খুলতে শুরু করার পরেই আটকে যায় তার কলকবজা। শেষে গোটা এটিএম মেশিনটাই (ATM machine) উপড়ে নিয়ে পালাল ওই চোরের দল (thieves)। ঘটনাটি ঘটেছে দিল্লিতে (Delhi)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ ডিসেম্বর দিল্লির কোটলা বিহারের এটিএম বুথ থেকে আস্ত একটি মেশিন চুরি যায়। যার ভিতরে ৩৭ লক্ষ টাকারও বেশি নগদ ছিল। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার খোয়া যাওয়া ওই এটিএমটি এখনও পাওয়া যায়নি। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
এসবিআইয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, চুরি যাওয়া সেই এটিএমে মোট ৩৭ লক্ষ ৭৯ হাজার টাকা ছিল। কীভাবে একটা আস্ত এটিএম তুলে নিয়ে গেল চোরের দল, তা এখনও বুঝে উঠতে পারছে না পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। খুব শীঘ্রই চোরের দলকে পাকড়াও করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে