ফের রাজধানী এক্সপ্রেসের খাবারে আরশোলা, অমলেটের ছবি-সহ টুইট যাত্রীর, প্রশ্নের মুখে রেল
আরশোলার স্থায়ী ঠিকানা রাজধানী এক্সপ্রেসের (Rajdhani Express) খাবার! এই ভাষাতেও ব্যঙ্গ করছেন কোনও কোনও নেটিজেন। কারণ দেশের অন্যতম দ্রুতগামী ট্রেনে ফের একই ধরনের ঘটনা ঘটেছে। এবার অমলেট খেতে গিয়ে আঁতকে উঠলেন এক যাত্রী। দেখা গেল ডিম ভাজার ভাঁজে ঢুকে বসে আছে একটি মৃত আরশোলা। ওই যাত্রী ছবি-সহ ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় জানানোর পরে শোরগোল পড়ে যায়। যুবক অভিযোগ জানানোর পর রেল যে উত্তর দিয়েছে, তাতেও চটেছে নেটিজেন। ‘দায়িত্বজ্ঞানহীন’ আচরণ, বলছেন সকলেই।
অভিযোগকারী যাত্রীর টুইট সূত্রে জানা গিয়েছে, মুম্বই-দিল্লি (Mumbai-Delhi) রাজধানী এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। রেলকর্মীদের কাছে একটি ‘এক্সট্রা অমলেট’ চেয়েছিলেন তিনি। ওই অমলেটের ভেতরেই ছিল আরশোলা। থানের বাসিন্দা যুবক সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ছবিতে দেখুন কী দেওয়া হয়েছে! একটি আরশোলা! আমার মেয়ের বয়স আড়াই বছর। যদি কিছু হয়ে যেতে তবে কে দায়িত্ব নিত!” যুবক পোস্টটি ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), রেল মন্ত্রক (Ministry of Railways) ও পীযুষ গোয়েলকে (Piyush Goyal)। উত্তরে রেলের অনলাইন পরিষেবা সহযোগী ‘রেলওয়ে সেবা’র (Railway Seva) তরফে লেখা হয়, “অসুবিধার জন্য দুঃখিত। স্যার, দয়া করে সরাসরি বার্তা পাঠানোর জন্য ট্রেনের পিএনআর নম্বর এবং আপনার মোবাইল নম্বর শেয়ার করুন।”
রেলের এমন ‘দায়সারা’ মন্তব্যই পছন্দ হয়নি নেটিজেনদের। তাঁদের বক্তব্য, এমন কাজের জন্য আর্থিক জরিমানা হওয়া উচিত দোষীর। একজন লেখেন, “আমি যদি বিনা টিকিটে যাত্রা করার পর বলতাম, অসুবিধার জন্য দুঃখিত তাহলে কি মেনে নিত রেল?” অধিকাংশ যাত্রী চটেছে রেলের এই উত্তরে। প্রত্যেকেরই বক্তব্য, এত বড় ঘটনার এমন প্রতিক্রিয়া মানা যায় না। এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
সংবাদ প্রতিদিন /এনবিএস/ ২০২২/একে