যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এক ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে ইস্ট হলিউড এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। এতে অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি প্রথমে একটি ভ্রাম্যমাণ খাবারের ট্রাক (টাকো কার্ট)-এ ধাক্কা দেয় এবং তারপর একটি জনপ্রিয় নাইটক্লাবের সামনে অপেক্ষারত লোকজনের ওপর উঠে যায়। এ সময় বেশিরভাগ ভুক্তভোগী নারী ছিলেন, যারা নাইটক্লাবে প্রবেশের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।
লস অ্যাঞ্জেলেস সিটি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাডাম ভ্যান গারপেন জানান, ঘটনাটি অত্যন্ত ভয়াবহ ছিল এবং সঙ্গে সঙ্গে জরুরি সেবা প্রদান করা হয়। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের নেয়া হয় এবং কয়েকজনকে তাৎক্ষণিক অস্ত্রোপচার করতে হয়েছে।
এদিকে, পুলিশ জানায়—গাড়ির চালককে ঘটনাস্থল থেকে কিছু দূরে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। তাকে হাসপাতালে নেয়া হলে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চালকের অবস্থা স্থিতিশীল থাকলেও, তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের (এলএপিডি) কর্মকর্তা লিলিয়ান কারানজা জানিয়েছেন, চালকের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হামলার অভিযোগ আনার বিষয়ে প্রক্রিয়া চলছে।
পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত হামলা, তা খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে এলএপিডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা যৌথ তদন্ত শুরু করেছে।
একজন প্রত্যক্ষদর্শী মারিয়া মেদ্রানো বলেন, ঘটনার ঠিক আগে নাইটক্লাবের বাইরে মারামারি শুরু হয়েছিল। তিনি খাবারের গাড়িতে কাজ করছিলেন এবং দেখেছেন কীভাবে একটি দ্রুতগামী গাড়ি হঠাৎ ভিড়ের ওপর উঠে যায়।
এই ঘটনায় লস অ্যাঞ্জেলেসে জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শহরের ব্যস্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে।
