যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত টম বারাকের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সিরিয়া ও ইসরায়েল। এক্স-এ দেওয়া পোস্টে টম বারাক বলেন, “আমরা দ্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র সংবরণে আহ্বান জানাচ্ছি এবং একসঙ্গে শান্তিপূর্ণ, ঐক্যবদ্ধ ও উন্নয়নমুখী একটি নতুন সিরিয়া গড়ার ডাক দিচ্ছি।”
গত সপ্তাহজুড়ে সিরিয়ার সুয়েইদা প্রদেশে সংখ্যালঘু দ্রুজদের ওপর বেদুইন সুন্নি গোষ্ঠীর হামলার কারণে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০০ জন নিহত হন। সিরিয়ার সরকারি বাহিনীর মদতে বেদুইনদের এই আক্রমণ সংঘটিত হয় বলে অভিযোগ উঠে। এর জবাবে দ্রুজ মিলিশিয়ারা পাল্টা হামলা চালায় এবং ইসরায়েলও বিমান হামলা চালায় দামাস্কাসসহ বিভিন্ন এলাকায়।
এই পরিস্থিতিতে সংঘাত নিয়ন্ত্রণে আনার জন্য মধ্যস্থতায় নামে যুক্তরাষ্ট্র, তুরস্ক, লেবানন ও জর্ডান। সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সামরিক বাহিনীকে সুয়েইদা থেকে প্রত্যাহারের নির্দেশ দিলেও বেদুইনদের হামলা বন্ধ হয়নি। বৃহস্পতিবার রাতেই আবার নতুন করে হামলা চালায় সুন্নি জঙ্গিরা।
টম বারাক বলেন, “এই সংঘর্ষের অবসানে সব পক্ষকেই আন্তরিক হতে হবে। জাতিগত ও ধর্মীয় সহিংসতা থেকে বেরিয়ে সিরিয়াকে নতুন করে গড়ার এটাই সঠিক সময়।”
প্রসঙ্গত, সিরিয়ায় হায়াত তাহরির আল-শাম (HTS) এবং জইশ আল-ইজ্জা নামের বিদ্রোহী সুন্নি গোষ্ঠীগুলোর সহিংস কার্যকলাপের জেরে শিয়া শাসক বাশার আল-আসাদের সরকার গত বছর পতনের মুখে পড়ে। এরপর থেকে শিয়া, দ্রুজ ও কুর্দ জনগোষ্ঠী বারবার হামলার শিকার হচ্ছে সুন্নি বাহিনীর হাতে।
সাম্প্রতিক সংঘর্ষ ইঙ্গিত দেয় যে, যুদ্ধবিরতি ঘোষণার পরও মাঠপর্যায়ে বাস্তব শান্তি এখনো অনেক দূরে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন সিরিয়ার ভবিষ্যৎ এবং এই যুদ্ধবিরতির বাস্তব রূপায়ণে কতটা অগ্রগতি হয় তার ওপর।
