ইসরাইলের সঙ্গে যুদ্ধের মাত্র ১২ দিনের মধ্যে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে ইরান এক ধাক্কায় ২১ হাজার মানুষকে গ্রেফতার করেছে! মঙ্গলবার (১২ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে পুলিশ মুখপাত্র সায়েইদ মোনতাজেরোল মাহদি এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন।

পুলিশ মুখপাত্রের দাবি, যুদ্ধের সময় সাধারণ মানুষের কাছ থেকে পুলিশের হেল্পলাইনে ৪১% বেশি কল এসেছিল। এসব কলের তথ্য বিশ্লেষণ করেই ২১ হাজার মানুষকে আইনের আওতায় আনা হয়েছে। তবে, ঠিক কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি।

গত ১৩ জুন ইসরাইলি বিমান হামলা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় চালানোর পর থেকেই দেশজুড়ে ব্যাপক ধরপাকড় শুরু হয়। রাস্তায় চেকপোস্ট বাড়ানো হয়, সাধারণ মানুষের ফোনে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট পেলেও অনেকে গ্রেফতার হন। এর আগে তেহরান দাবি করেছিল, যুদ্ধের সময় অনেকেই গোপনে ইসরাইলকে তথ্য সরবরাহ করেছে।

আফগান অভিবাসীদেরও টার্গেট
যুদ্ধের সময় আফগান অভিবাসীদেরও টার্গেট করে ইরান। ত্রাণ সংস্থাগুলোর তথ্য বলছে, অনেক আফগানকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযানে ২,৭৭৪ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের ফোন তল্লাশি করে ৩০টি নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ মিলেছে। এছাড়া, অনুমতি ছাড়া ভিডিও করার অভিযোগে ১৭২ জন এবং গুপ্তচরবৃত্তির সন্দেহে ২৬১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সাইবার অপরাধেও ধরা পড়ল হাজারো
পুলিশ মুখপাত্র আরও জানান, যুদ্ধের সময় সাইবার জগতেও অপরাধ বেড়ে যায়। ইরানি পুলিশকে ৫,৭০০টি সাইবার অপরাধের মামলা সামলাতে হয়েছে, যার মধ্যে অনলাইন প্রতারণা ও অননুমোদিত অর্থ উত্তোলনের মতো ঘটনা রয়েছে।

এত বিপুল সংখ্যক গ্রেফতারের পর কতজনকে ছাড়া হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো তথ্য দেয়নি।

 

Walton Ads