মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার চরম ক্ষোভ প্রকাশ করলেন চীনের সাথে ল্যাটিন আমেরিকার ঘনিষ্ঠতা নিয়ে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি তীব্র ভাষায় বলেন,
“তারা যা খুশি তাই করতে পারে। কেউই খুব ভালো করছে না। তবে আমরা অর্থনীতির দিক থেকে যা করছি, তাতে চীনসহ সবাইকে উড়িয়ে দিচ্ছি।”

ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন ব্রাজিল, মেক্সিকোসহ বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকান দেশ দ্রুতগতিতে বেইজিংয়ের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক গভীর করছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ব্রাজিলের রপ্তানি পণ্যের ওপর ৫০% শুল্ক বসিয়েছে। এই সিদ্ধান্তে বিলিয়ন ডলারের বাণিজ্য এখন ঝুঁকিতে। ঠিক এই পরিস্থিতিতেই মঙ্গলবার ফোনে কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় এক ঘণ্টার আলোচনায় তারা একতরফা মার্কিন বাণিজ্যনীতির মোকাবেলায় ব্রিকস জোটের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

ট্রাম্প অবশ্য এর দায় চাপিয়েছেন ব্রাজিলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের ওপর। তিনি ইঙ্গিত দেন, সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে ২০২২ সালের নির্বাচন বানচালের ষড়যন্ত্র মামলার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ল্যাটিন আমেরিকার চীনের দিকে ঝুঁকে পড়া যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে, এ অঞ্চলে মার্কিন প্রভাবশালী অবস্থান টালমাটাল হয়ে যেতে পারে বলে আশঙ্কা বাড়ছে।

 

Walton Ads