যুক্তরাষ্ট্রের নতুন ৫০% শুল্ক ঘোষণার অস্থিরতার মধ্যে ভারতকে স্বস্তি দিল প্রতিবেশী দেশ চীন। বেইজিং জানিয়েছে, তারা ভারতের জন্য সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও টানেল বোরিং মেশিন রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বেইজিং সফরে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-এর সঙ্গে বৈঠকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ করেছিলেন। মঙ্গলবার ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
বর্তমানে দুই দিনের সফরে দিল্লিতে অবস্থান করছেন ওয়াং য়ি। সোমবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে তিনি জয়শঙ্করকে আশ্বস্ত করেন, ভারতের অনুরোধ অনুযায়ী বেইজিং পদক্ষেপ নিয়েছে।
এর আগে ভারত নিষেধাজ্ঞার কারণে প্রবল সমস্যায় পড়েছিল। বিশেষত সার আমদানিতে বাধা সৃষ্টি হওয়ায় রবি মৌসুমে ডাই-অ্যামোনিয়াম ফসফেটের সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া সুড়ঙ্গ খোঁড়ার টানেল বোরিং মেশিন আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ভারতের একাধিক বড় পরিকাঠামো প্রকল্প আটকে গিয়েছিল।
সবচেয়ে বড় আঘাত এসেছিল রেয়ার আর্থ মিনারেল রপ্তানি সীমিত করার সিদ্ধান্তে। এর ফলে ভারতের অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্পে উৎপাদন ব্যাহত হয়েছিল। ২০১৯ সালে সীমান্ত সংঘাতের পর থেকেই বাণিজ্যে কড়াকড়ি শুরু করেছিল চীন।
যদিও চীন পুরোপুরি রপ্তানি বন্ধ করেনি, তবে কঠোর লাইসেন্সিং ব্যবস্থা চালু করেছিল। এতে ভারতের আমদানিকারকদের বিশেষ পারমিট নিতে হতো, যা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল ছিল।
তবে এবার চীন নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভারতের শিল্প ও কৃষি খাত উভয়ই বড় স্বস্তি পাবে বলে মনে করছে বিশেষজ্ঞরা।