ইউক্রেন যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে রাজি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নতুন চাপ সৃষ্টি করার পরিকল্পনা করছেন ইউরোপীয় নেতারা। ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা পুতিনকে বাধ্য করতে বাড়তি নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে, যাতে যুদ্ধ শেষ করার জন্য তিনি গুরুত্ব সহকারে পদক্ষেপ নেন।
দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ এর দেশগুলো মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছে। বৈঠকে পুতিনের ওপর আরও চাপ প্রয়োগের উপায় এবং নিষেধাজ্ঞা বিষয়ক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী দিনগুলোতে ইউরোপীয় নেতাদের পরিকল্পনা টিম যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বৈঠক করবে, যাতে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা এগিয়ে নেওয়া যায়। এছাড়া, যুদ্ধ শেষ হলে ইউক্রেনে একটি ইউরোপীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতি নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ঘোষণা করেছে, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি চুক্তিতে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে সাহায্য করবে, যা ইউরোপীয় নেতাদের জন্য আশ্বাসের বিষয়। তবে এই সাহায্য কীভাবে হবে, তা এখনও স্পষ্ট নয়।