ইসরাইলি সেনাবাহিনীর বহিষ্কৃত মুখপাত্র ড্যানিয়েল হাগারি স্বীকার করেছেন যে ইসরাইল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার যুদ্ধে হেরে গেছে। পার্সটুডে, মিডল ইস্ট মনিটরের বরাত দিয়ে জানায়, ওয়াশিংটন ডিসিতে জিউইশ ফেডারেশন অফ নর্থ আমেরিকার বার্ষিক সভায় তিনি এ স্বীকারোক্তি দেন।
হাগারি বলেন, প্রচলিত পদ্ধতিতে আর কাজ হবে না। ইসরাইলকে এখন ছবি, ভিডিও এবং পরিসংখ্যানের দিকে বেশি মনোযোগ দিতে হবে—দীর্ঘ লেখা আর প্রচারণা কাজে আসছে না।
তিনি ইসরাইলি সেনাবাহিনীর ৮২০০ ইউনিটকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, এই ইউনিটের ক্ষমতা ও কাঠামো ব্যবহার করে একটি নতুন, শক্তিশালী মিডিয়া সিস্টেম গড়ে তুলতে হবে।
হাগারি পরামর্শ দেন, এমন একটি ইউনিট তৈরি করা দরকার যারা অনলাইন প্ল্যাটফর্মের কনটেন্ট নজরদারি করবে এবং বিশ্বের বিভিন্ন ভাষায় দ্রুত সাড়া দিতে পারবে—সরকার, মিডিয়া ও জনমতের প্রতিটি স্তরে।
এখানেই থেমে থাকেননি তিনি। হাগারি আরও বলেন, ইসরাইলের উচিত একটি পদ্ধতিগত নেটওয়ার্ক গড়ে তোলা, যেখানে থাকবে জাল অ্যাকাউন্ট, স্বয়ংক্রিয় বট, এবং এমনকি তরুণীদের মধ্যে থেকে নির্বাচিত বেসরকারি ব্লগার, যারা ইসরাইলের পক্ষে সোশ্যাল মিডিয়া লড়াইকে শক্তিশালী করবে।
