জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, বছরখানেক আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা চলছেই। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এসব হামলায় কমপক্ষে ১২৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
মঙ্গলবার জেনিভায় এক সংবাদ ব্রিফিংয়ে মানবাধিকার সংস্থাটি দাবি জানিয়েছে, এই হত্যাকাণ্ডগুলোর নিরপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করা হোক এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংস্থার মুখপাত্র থামিন আল-খাতিন বলেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় এক বছর যেতে চলেছে। এর মধ্যেও আমরা ইসরায়েলি সামরিক বাহিনীর ক্রমবর্ধমান হামলা লক্ষ্য করছি। এতে বেসামরিক লোকজন নিহত হচ্ছে, পাশাপাশি লেবাননের অনেক বেসামরিক স্থাপনাও ধ্বংস হচ্ছে। বিস্তৃত এবং তীব্র আক্রমণের ঝুঁকিও বাড়ছে।
তিনি আরও জানান, জাতিসংঘের কঠোর যাচাই-বাছাইয়ের পর ১২৭ জন নিহতের তথ্য নিশ্চিত করা গেছে, তবে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি হতে পারে।
