ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যে আলোচনা চলছে, তা এখন ‘প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি’ পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা রুস্তম উমেরভের নেতৃত্বে ইউক্রেনীয় আলোচক দল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। একই সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ বিষয়ক দূত ও আলোচক কিরিল দিমিত্রিভও ফ্লোরিডায় আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
দুই দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, আলোচনার অগ্রগতি নিয়ে প্রতিনিধি দলগুলো সোমবার নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। জেলেনস্কি বলেছেন, “সবকিছুই বেশ সম্মানজনক মনে হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের যৌথ কাজ। এর অর্থ, আমরা সত্যিকার অর্থেই একটি বাস্তব ফলাফলের খুব কাছে রয়েছি।”
তিনি আরও জানিয়েছেন, আলোচকরা বর্তমানে মার্কিন প্রতিনিধিদের প্রস্তাবিত ২০ দফার একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, যা কয়েক সপ্তাহ ধরে আলোচনার বিষয়। প্রাথমিক খসড়া রাশিয়ার পক্ষে ঝুঁকিপূর্ণ—এমন অভিযোগে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো তা প্রত্যাখ্যান করেছিল। জেলেনস্কি বলেন, “সব কিছু আদর্শ না হলেও অন্তত একটি পরিকল্পনা তো রয়েছে।”
আলোচনায় যুদ্ধ থামার পর রাশিয়ার সম্ভাব্য সামরিক আগ্রাসন ঠেকাতে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধারের রূপরেখা নিয়েও কথা হয়েছে। জেলেনস্কি বলেন, “সব নথির মৌলিক কাঠামো তৈরি হয়েছে। এটি খুবই প্রাথমিক স্তর। কিছু বিষয়ে আমরা এখনো প্রস্তুত নই, আবার কিছু বিষয়ে রাশিয়াও প্রস্তুত নয়।”
