ইরানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আগের মতোই বজায় রাখার স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এমন এক সময়ে এই ঘোষণা এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পণ্য ও তাদের বাণিজ্যিক অংশীদারদের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন—যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাপ তৈরি করেছে।

বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট ভাষায় বলেন, “আমরা ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করছি না। পূর্বের সব চুক্তি ও চলমান কাজ আগের মতোই অব্যাহত থাকবে।”

মার্কিন সিদ্ধান্তের কড়া সমালোচনা করে লাভরভ আরও বলেন, এ ধরনের একতরফা ও অপ্রিয় শুল্কবৃদ্ধি শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেই দুর্বল করবে। তার মতে, এর ফলে আন্তর্জাতিক বাজারে মার্কিন প্রভাব কমে যাচ্ছে—যার প্রতিফলন ইতোমধ্যেই বিভিন্ন বিশ্ববাজারে দেখা যাচ্ছে।

ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বহাল রাখার এই অবস্থানকে রাশিয়া দেখছে একটি স্থিতিশীল ও দায়িত্বশীল আন্তর্জাতিক রাজনৈতিক-অর্থনৈতিক সিদ্ধান্ত হিসেবে। মস্কোর ভাষ্য, ছোট বা দুর্বল দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে কখনোই টেকসই শান্তি বা বড় কোনো অর্জন সম্ভব নয়।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অবস্থান ইরানের প্রতিরোধ শক্তিকে আরও দৃঢ় করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসী কৌশলকে প্রশ্নের মুখে ফেলছে। অন্তত এই মুহূর্তে ন্যাটোসহ পশ্চিমা শক্তিগুলোর জন্য ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া সহজ নয়—কারণ রাশিয়া ও আরও কয়েকটি প্রভাবশালী দেশ প্রকাশ্যেই তেহরানের পাশে দাঁড়িয়ে আছে।

 

news