রাশিয়ার পশ্চিমাঞ্চলের পেনজা শহরে শুক্রবার ভোরে একটি তেল ডিপোতে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করলেও কিয়েভ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

স্থানীয় সময় ভোর চারটার দিকে পেনজার পূর্ব প্রান্তের শহরতলীতে থাকা তেল ডিপোতে হঠাৎই লাল-কমলা আগুনের বিশাল শিখা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ডিপোর চারপাশে আগুনের গর্জন আর ঘন কালো ধোঁয়ার দৃশ্য নজরে এসেছে।

ড্রোনগুলোর উৎস সম্পর্কে রাশিয়ার কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাতে পারেননি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই রাতে অন্তত ১২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে একটি ড্রোন পেনজার আকাশেই ধরা পড়ে।

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন রাশিয়ার সামরিক শক্তি দুর্বল করতে দেশটির জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। তুলনামূলক কম খরচের এসব ড্রোন হামলায় রাশিয়ার বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

পেনজার গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে জানান, প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর নেই। এদিকে ইউক্রেন এখনো এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

কিয়েভের দাবি, রাশিয়ার আগ্রাসনের জবাব হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে। বিশেষ করে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর রাশিয়ার লাগাতার হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে তারা এই কৌশল নিচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ বোমাবর্ষণে ইউক্রেনের হাজার হাজার মানুষ শূন্যের নিচে তাপমাত্রায় বিদ্যুৎ ও গরমের সুবিধা ছাড়া দিন কাটাতে বাধ্য হয়েছে।

 

news