ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত চুক্তিপত্র পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার (২৫ জানুয়ারি) লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর জানিয়েছে রয়টার্স।

জেলেনস্কি বলেন,
“আমাদের কাছে নিরাপত্তা গ্যারান্টি মানেই প্রথমত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা। চুক্তিপত্রটি ১০০ শতাংশ প্রস্তুত, এখন আমরা শুধু অংশীদারদের কাছ থেকে স্বাক্ষরের তারিখ ও স্থান নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি।”

তিনি আরও জানান, চুক্তিটি স্বাক্ষরের পর সেটি মার্কিন কংগ্রেস ও ইউরোপীয় পার্লামেন্টে অনুমোদনের জন্য পাঠানো হবে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইউক্রেনের নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্রের ভূমিকা আরও আনুষ্ঠানিক ও শক্তিশালী হতে যাচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির এই ঘোষণা এসেছে এমন এক সময়, যখন প্রথমবারের মতো আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সরাসরি আলোচনা চলছে। গত শুক্রবার ও শনিবার সেখানে মার্কিন মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা একটি ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেওয়া ২০ দফার একটি ‘ফ্রেমওয়ার্ক’ বা রূপরেখা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়। যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে দুই পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

জেলেনস্কি আরও জানান, রাশিয়া চাইছে ইউক্রেন যেন তাদের পূর্বাঞ্চলের কিছু এলাকার দাবি ছেড়ে দেয়—যেসব অঞ্চল পূর্ণমাত্রার আগ্রাসনের পরও রাশিয়া পুরোপুরি দখল করতে পারেনি। তবে কিয়েভ এ বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বলে স্পষ্ট করেন তিনি।

 

Walton Ads