কিয়েভ: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি কিয়েভে এসে আলোচনায় বসার আমন্ত্রণ দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি স্পষ্ট করে বলেন, “যদি তার সাহস থাকে, তাহলে আসুন। আমি প্রকাশ্যে আমন্ত্রণ জানাচ্ছি।”
জেলেনস্কি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি মস্কো বা বেলারুশে পুতিনের সঙ্গে কোনো বৈঠকে বসবেন না। ক্রেমলিনের পক্ষ থেকে মস্কোয় আলোচনার আমন্ত্রণের জবাবে তিনি বলেন, “মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করা আমার জন্য অসম্ভব। এটা কিয়েভে তার সঙ্গে দেখা করার মতোই। আমিও তাকে কিয়েভে আমন্ত্রণ জানাতে পারি। আসুন, যদি সাহস থাকে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে এবং বেলারুশ এই আগ্রাসনে রাশিয়ার ‘সহযোগী’ হিসেবে কাজ করছে। সে কারণেই তিনি এই দুই দেশে গিয়ে কোনো বৈঠকে অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দেন।
এর আগে বৃহস্পতিবার ক্রেমলিন জানিয়েছিল, তারা আবারও ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কোয় আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছে, তবে এ বিষয়ে এখনো কিয়েভের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
জেলেনস্কি বলেন, তিনি যে কোনো ফরম্যাটে আলোচনায় প্রস্তুত, তবে বৈঠকের স্থান হিসেবে কিয়েভকেই প্রাধান্য দিচ্ছেন। তার এই অবস্থানের পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চাপ রয়েছে বলেও তিনি ইঙ্গিত দেন। এসব দেশ যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার লক্ষ্যে দুই পক্ষকে আলোচনার টেবিলে বসতে উৎসাহিত করছে।
