ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি নির্মাণাধীন ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে একজন নিহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের বিবৃতিতে বলা হয়েছে, “আহত ব্যক্তিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। কিন্তু গুরুতর জখম হওয়ায় ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।”

উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসাবশেষের আঘাতে আরও একজন গুরুতর আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিশোধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

একই সময়, ইরানের হামলার ছবি এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে কাতারে ৩০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিদিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর মধ্যে বিভ্রান্তিকর ভিডিও বা তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও ধারণ ও প্রচার করেছেন এবং জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন। কাতারের অপরাধ তদন্ত বিভাগের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

এর আগে, ৬ মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি হামলার প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচারের দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

news