মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের অংশ হিসেবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বুধবার আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সিপাহ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কেন্দ্র মিনা সালমান বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

প্রকাশিত বিবৃতিতে আরও বলা হয়েছে, একই সময় কুয়েতের ক্যাম্প প্যাট্রিয়ট ঘাঁটিতেও হামলা চালানো হয়। এই হামলার ফলে মোহাম্মদ আল-আহমদ এবং আলী আল-সালেম নৌঘাঁটিতে মার্কিন সেনাদের সরঞ্জামের হ্যাঙ্গার, আবাসন এবং সমাবেশ কেন্দ্রগুলো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে।

শুধু তাই নয়, কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের এই বিপ্লবী গার্ড বাহিনী।

এর আগে একই দিনে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলার ঘটনা ঘটে। বুধবারের ওই হামলায় বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ইরানের ছোড়া দুটি ড্রোন আঘাত হানে। এতে এক বাংলাদেশি প্রবাসীসহ অন্তত চারজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে কাছাকাছি এলাকায় দুটি ড্রোন আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তবে হামলার পরও বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

 

news