যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও দ্বিতীয় দফা আলোচনার টেবিলে বসাতে চাইছে পাকিস্তান। এ লক্ষ্যেই দুই পক্ষের কাছে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। প্রস্তাব অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই এবং চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই নতুন বৈঠক আয়োজনের আহ্বান জানানো হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তারা নাম প্রকাশ করতে চাননি।

সূত্র জানায়, পাকিস্তান প্রস্তাব দিলেও বৈঠক কোথায় হবে বা আদৌ হবে কি না, তা পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইরানের সিদ্ধান্তের ওপর। তারা চাইলে অন্য কোনো স্থানেও আলোচনায় বসতে পারে। প্রথম দফার আলোচনায় কোনো চূড়ান্ত চুক্তি হয়নি, তবে সেটি একটি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। এটি কোনো বিচ্ছিন্ন উদ্যোগ নয়; বরং আগের আলোচনার ধারাবাহিকতা ধরে নতুন বৈঠকের পরিকল্পনা।

এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিত আগের আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। তবে ইরান সেই প্রস্তাবে রাজি না হয়ে ৫ বছরের স্থগিতের পাল্টা প্রস্তাব দেয়।

এই নিয়েই আলোচনার এক পর্যায়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময়ও হয় বলে জানা গেছে। ইরানি ও মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষই তেহরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে একে অপরকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

 

news