ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর আকাশে গুলি ছুড়ে উদযাপন করছেন বৈরুতের বাসিন্দারা। তবে এই উদযাপনের মাঝেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ লেবাননে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও, লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে এ তথ্য জানিয়েছে লেবাননের সেনাবাহিনী। তাদের দাবি, মধ্যরাতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই কিছুক্ষণ পরপর গোলাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী।
এমন পরিস্থিতিতে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষকে আপাতত সেখানে ফিরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
এদিকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
তবে এর আগে এক সতর্কবার্তায় ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, তাদের সেনারা এখনো দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে অবস্থান করছে। তাই নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাসিন্দাদের লিটানি নদীর এপারে, ইসরায়েল সীমান্তের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়েছে তারা।
