যুদ্ধ বন্ধ এবং পারমাণবিক প্রকল্প নিয়ে স্থায়ী সমঝোতার লক্ষ্যেই ইরান যে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে পারেনি।
একজন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তার বরাতে জানা গেছে, নতুন এই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে মনে করছে ওয়াশিংটন।
তবে প্রস্তাবটি পুরোপুরি উপেক্ষা করেননি ট্রাম্প। বরং তিনি তার নিরাপত্তা উপদেষ্টা এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানা গেছে।
এর আগে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ২১ ঘণ্টা আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়।
এরপর উত্তেজনা কমানোর উদ্দেশ্যে ইরান নতুন করে তিন ধাপের একটি প্রস্তাব দেয়, যা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।
ইরানের দেওয়া প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে সম্পূর্ণভাবে যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইরান ও লেবাননের ওপর কোনো ধরনের আগ্রাসী হামলা না চালানোর নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে।
দ্বিতীয় ধাপে, প্রথম শর্ত কার্যকর হলে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথের নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে আলোচনা শুরু হবে।
তৃতীয় ধাপে, আগের দুই ধাপ সফলভাবে সমাধান হলে ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।
ইরান আরও জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনায় আগ্রহ দেখায়, তাহলে এই নতুন প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তী আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে।
বিশ্লেষকদের মতে, এই প্রস্তাবের মাধ্যমে ইরান আগে যুদ্ধ বন্ধ এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়েছে। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এটিকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।
