আজ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাতটায় (বাংলাদেশ সময় সাড়ে ৭টায়) শুরু হয় এই ভোট, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রাজ্যের ৮টি জেলার ১৪২টি আসনে একসঙ্গে ভোট নেওয়া হচ্ছে।

এ দফায় মোট ভোটার ৩ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখের বেশি আর নারী ভোটার ১ কোটি ৫৭ লাখের বেশি। গত সোমবার রাতে ট্রাইব্যুনালের রায়ে আরও ১ হাজার ৪৬৮ জনের নাম ভোটার তালিকায় যোগ হয়েছে, আর বাদ পড়েছেন ৬ জন।

শেষ দফার ভোটে ৮ জেলায় মোট বুথ রয়েছে ৪১ হাজার ১টি। এর মধ্যে ৪ হাজার ৮৩৩টি বুথকে ‘অতি স্পর্শকাতর’ বলে চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে। গত দুই দিনেই দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

নিরাপত্তায় বিপুল সংখ্যক আধা-সামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ দফায় ২ হাজার ৩০০ কোম্পানির বেশি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) থাকছে। পাশাপাশি প্রায় ৩৯ হাজার রাজ্য পুলিশ কর্মীও দায়িত্ব পালন করছেন।

সবচেয়ে বেশি বাহিনী রয়েছে উত্তর ২৪ পরগনায় (৫১২ কোম্পানি)। এ জেলায় আসন সংখ্যা ৩৩টি। এরপর দক্ষিণ ২৪ পরগনায় ৪১৩ কোম্পানি (আসন ৩১টি), হুগলিতে ৩২৩ কোম্পানি (আসন ১৮টি), নদিয়ায় ২৮৭ কোম্পানি (আসন ১৭টি), কলকাতায় ২৭৪ কোম্পানি (আসন ১১টি), পূর্ব বর্ধমানে ২৬৩ কোম্পানি (আসন ১৬টি) এবং হাওড়ায় ২৫৮ কোম্পানি (আসন ১৬টি) বাহিনী মোতায়েন আছে।

এ ছাড়া কলকাতা ও অন্যান্য জেলায় নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) সদস্যরাও।

শেষ দফায় লড়ছেন ১ হাজার ৪৪৮ জন প্রার্থী। এর মধ্যে পুরুষ ১ হাজার ২২৮ জন আর নারী ২২০ জন।

এবার কয়েকটি আসন বিশেষ নজরে রয়েছে। যেমন ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখোমুখি। আর উত্তর ২৪ পরগনার পানিহাটি আসনে বিজেপির টিকিটে লড়ছেন আরজি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মা। এ ছাড়া অন্যান্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, জাভেদ খান, তাপস রায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায় ও নওশাদ সিদ্দিকী।

এর আগে ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হয়। ২৯৪ আসনের এই নির্বাচনের ফল প্রকাশ হবে ৪ মে। সেই দিনই জানা যাবে, ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরছে নাকি হচ্ছে সরকারবদল।

 

news