পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল এক ভিডিওবার্তায় তিনি দাবি করেন, এবারের নির্বাচনে তৃণমূল ২২৬টির বেশি আসনে জয়ী হবে।
২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যমে বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ হতে শুরু করে। অধিকাংশ সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়, বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে এবং ১৫০-এর বেশি আসন পেতে পারে পশ্চিমবঙ্গে।
এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার ভিডিওবার্তায় মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বিজেপি অর্থের প্রভাব খাটিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে নির্দিষ্ট ফলাফল দেখাতে বাধ্য করেছে।
তিনি বলেন, আমি নিশ্চিত করে বলতে চাই, টিভিতে যা দেখানো হচ্ছে, তা আসলে বিজেপির অফিস থেকে নির্দেশিত। টাকা দিয়ে এই ফলাফল প্রচার করানো হয়েছে।
মমতা আরও বলেন, আমরা ২২৬ আসন পার করব, এমনকি ২৩০ পর্যন্তও যেতে পারি। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমি সম্পূর্ণ আশাবাদী।
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “এত রোদে দাঁড়িয়ে মানুষ যেভাবে ভোট দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের কর্মীরাও কঠিন পরিস্থিতির মধ্যেও লড়াই করেছে।
তিনি অভিযোগ করেন, ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ও স্থানীয় প্রশাসনের কিছু অংশের আচরণ তৃণমূল কর্মীদের জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে।
মমতার ভাষায়, কেন্দ্রীয় বাহিনী যেভাবে আচরণ করেছে, তা অনেক ক্ষেত্রেই প্রশ্নের মুখে পড়েছে। এমনকি কিছু জায়গায় সাধারণ মানুষও সমস্যার মুখোমুখি হয়েছে।
তিনি উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাতেও শোক প্রকাশ করেন এবং বলেন, দল ওই পরিবারের পাশে থাকবে।
 

news