চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হুনান-এর একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৬০ জন। দেশটির সরকারি বার্তাসংস্থা Xinhua এই তথ্য জানিয়েছে।

হুনানের লিউইয়াং শহরে অবস্থিত হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফেকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানির কারখানা বা ওয়ার্কশপে এই বিস্ফোরণ ঘটে। শহরটি চীনের আতশবাজি শিল্পের অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে একাধিক কারখানা রয়েছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে) এই বিস্ফোরণ ঘটে। নিহতদের বেশিরভাগই ঘটনাস্থলেই মারা যান।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের প্রায় ৩ কিলোমিটার এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। কারণ, কারখানাটির কাছেই কালো বারুদের দুটি গুদাম রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের সময় এত জোরে শব্দ হয়েছিল যে তাদের বাড়ির দরজা-জানালা কেঁপে ওঠে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনো জানা যায়নি।

এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একইসঙ্গে কারখানা কর্তৃপক্ষের জবাবদিহিতাও চাওয়া হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া।

উল্লেখ্য, আতশবাজি শিল্পে চীন বিশ্বে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। ২০২৫ সালে বৈশ্বিক বাজারে ১১৪ কোটি ডলারের আতশবাজি সরবরাহ করেছে চীনা কোম্পানিগুলো। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর বিশ্বে বিক্রি হওয়া আতশবাজির প্রায় দুই-তৃতীয়াংশই এসেছে চীন থেকে।

 

news