জার্মানিতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কয়েকটি আরব দেশের শীর্ষ সামরিক কমান্ডারদের মধ্যে গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরান যুদ্ধ এবং পশ্চিম এশিয়াজুড়ে ছড়িয়ে পড়া তীব্র আঞ্চলিক উত্তেজনা মোকাবিলায় কৌশল নির্ধারণের লক্ষ্যে গত সপ্তাহে এই বৈঠকের আয়োজন করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সম্মেলনটির আতিথেয়তা প্রদান করেন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে ইসরায়েলি দুই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছয় মাস আগে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ার পর এটাই এ ধরনের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।
বৈঠকে ইসরায়েল ছাড়াও সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং মিশরের সশস্ত্র বাহিনীর প্রধানরা অংশ নেন। যেসব উপসাগরীয় আরব দেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাদের সামরিক প্রধানদের জন্য এই আয়োজন ছিল সরাসরি মতবিনিময়ের এক বিরল ও অভূতপূর্ব সুযোগ।
সেন্টকম পরবর্তীতে এক বিবৃতির মাধ্যমে এই বৈঠকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে, পশ্চিম এশিয়ায় নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনার জন্যই জার্মানিতে পূর্বনির্ধারিত একটা সম্মেলনে আটটা দেশের ঊর্ধ্বতন সামরিক নেতাদের আতিথেয়তা দেওয়া হয়েছে।
মূলত ২০২০ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির পর থেকেই ইসরায়েল এবং অঞ্চলের অন্যান্য দেশের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ওই চুক্তির পর ইসরায়েলকে মার্কিন ইউরোপীয় কমান্ডের আওতা থেকে সরিয়ে সেন্টকমের প্রশাসনিক অধীনে আনা হয়, যার ফলে যৌথ আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আরব দেশগুলোর সঙ্গে সমন্বয় করার বড় সুযোগ পায় ইসরায়েল।