ঢাকা, মঙ্গলবার, জুন ৯, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

সাড়ে তিন বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের প্রস্তুতিতে জান্তা সরকার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩১ জুলাই, ২০২৫, ০৮:০৭ পিএম

সাড়ে তিন বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচনের প্রস্তুতিতে জান্তা সরকার

সাড়ে তিন বছর পর মিয়ানমারে জরুরি অবস্থা তুলে নিয়েছে সামরিক জান্তা সরকার। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনা প্রশাসন।

বৃহস্পতিবার এক লিখিত আদেশে সামরিক প্রধান জেনারেল মিন অং হ্লেইং জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন। একই দিন জান্তা সরকারের মুখপাত্র জৌ মিন তুন অডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

মুখপাত্র জানান, “বহুদলীয় গণতন্ত্র গড়ার লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হলো।”

এর আগে চলতি বছরের মার্চে জান্তাপ্রধান মিন অং হ্লেইং জানিয়েছিলেন, ২০২৪ সালের ডিসেম্বর কিংবা ২০২৬ সালের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই নির্বাচন হবে।

২০২০ সালের নভেম্বরের সর্বশেষ নির্বাচনে অং সান সুচির দল এনএলডি বড় জয় পেয়েছিল। তবে সেনাবাহিনী ভোট কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটায় এবং জরুরি অবস্থা জারি করে।

সেই অভ্যুত্থানে সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে সরিয়ে সেনা সরকার ক্ষমতা গ্রহণ করে। সুচি এবং তার দলের বহু নেতা, মন্ত্রী ও কর্মীকে গ্রেপ্তার করা হয়। এখনো অনেকেই কারাগারে আছেন।

২০২৩ সালে এনএলডির নিবন্ধন বাতিল করা হয়। ফলে আসন্ন নির্বাচনে দল হিসেবে এনএলডি অংশ নিতে পারবে না। এতে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

জান্তাপ্রধান মিন অং হ্লেইং নিজে নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকরা মনে করছেন, তিনি সরাসরি প্রার্থী না হলেও পর্দার আড়াল থেকে ক্ষমতা নিয়ন্ত্রণ করতে চাইবেন।

রাজধানী নেইপিদোতে এক সাম্প্রতিক অনুষ্ঠানে জেনারেল হ্লেইং বলেন, “আমরা প্রথম অধ্যায় শেষ করেছি। এখন দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায়ের প্রবেশদ্বারই হলো নির্বাচন।”