এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৬:১১ পিএম

অঙ্গ প্রতিস্থাপনের জন্য দাতা ব্যক্তির ফুসফুস এবার পৌঁছে গেল মেট্রো রেলে চড়ে! ভারতের কর্ণাটক রাজ্য থেকে এক দল চিকিৎসক ও কর্মকর্তা এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি মেট্রো ব্যবহার করে দ্রুততম সময়ে পাশের রাজ্য তামিলনাড়ুর একটি হাসপাতালে অঙ্গটি নিয়ে গেছেন।
চেন্নাই মেট্রো রেল লিমিটেড CMRL গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ একটি পোস্ট দিয়ে এই রোমাঞ্চকর তথ্য নিশ্চিত করেছে।
পোস্টটিতে জানানো হয়, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স (NIMHANS) থেকে অঙ্গ পরিবহন দলের সদস্যরা প্রথমে মৃত দাতার ফুসফুস নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাই বিমানবন্দরে পৌঁছান।
এরপর শুরু হয় আসল দৌড়! বিমানবন্দর ঘেঁষা মেট্রোস্টেশন মিনামবাক্কম থেকে দলটি মেট্রোতে করে এজি-ডিএমএস স্টেশনে পৌঁছায়।
এই যাত্রা পথে তাঁদের সময় লেগেছে মাত্র ২১ মিনিট! স্থানীয় সময় বেলা ২টা ৭ মিনিটে দলটি মিনামবাক্কম স্টেশনে মেট্রোতে ওঠে। সাতটি স্টেশন পেরিয়ে এজি-ডিএমএম স্টেশনে পৌঁছায় বেলা ২টা ২৮ মিনিটে। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁরা গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতালে পৌঁছান।
পরে হাসপাতালটিতে পূর্বনির্ধারিত সময়ে অঙ্গ প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ অনলাইনে এক পোস্টে বলেছে, বেঙ্গালুরুর NIMHANS থেকে দাতার ফুসফুস চেন্নাই নিয়ে আসার জন্য তারা একটি বিশেষ ‘গ্রিন করিডর’ Green Corridor তৈরি করেছিল।
এই গুরুত্বপূর্ণ কাজে চেন্নাই ট্রাফিক পুলিশ, চেন্নাই মেট্রো রেল এবং অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ একযোগে কাজ করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অঙ্গ পরিবহন দলটি কোনো বাধা ছাড়াই বেঙ্গালুরু থেকে চেন্নাই পৌঁছাতে সক্ষম হয়।
তামিলনাড়ুতে প্রতিস্থাপনের জন্য অঙ্গ পরিবহনে মেট্রোর ব্যবহার এটাই প্রথমবার। এর আগে হায়দরাবাদ ও বেঙ্গালুরু মেট্রো রেলে প্রতিস্থাপনের জন্য অঙ্গ পরিবহন করা হয়েছিল।