বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি, সংশোধন করেছে আইন
অভিবাসীদের নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। আর এ জন্য একটি আইনও পাশ করেছে দেশটি। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাবের ভিত্তিতে সৌদি প্রধানমন্ত্রী এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ আইনে সম্মতি দেন।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মক্কা আল-মুকাররামার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এ আইন পাশ করার বিষয়টি প্রকাশিত হয়েছে।
এ বছরের জানুয়ারিতে সৌদি নাগরিকত্ব আইনের ৮ নম্বর ধারা সংশোধনের জন্য একটি ডিক্রি জারি করে দেশটি, যা গত ১৩ মার্চ অনুমোদন করা হয়। উক্ত সংশোধনীতে বলা হয়েছিল, মা সৌদি নাগরিক ও বাবা বিদেশি-এমন যে কেউ সৌদি আরবের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে অবশ্যই তাকে আরবি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতে হবে। ভালো চরিত্র ও ব্যবহার এবং ছয় মাসের বেশি কারাবরণের রেকর্ড থাকা যাবে না এমন শর্ত আরোপ করা হয়।
দেশটির অনেক অধিকারকর্মী এ আইনের সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, সৌদি নারীদের সন্তানদের নাগরিকত্বের জন্য এই আইন আরো বড় বাধা হয়ে দাঁড়াবে। বর্তমানে বিদেশে অবস্থান করা যেকোনো সৌদি পুরুষের সন্তানেরা কোনো আইনি বাধা ছাড়াই নাগরিকত্ব পাচ্ছে।
উল্লেখ্য যে, ২০২১ সালে সৌদি আরব বিশ্বের যেকোনো প্রান্তের বিশেষ প্রতিভাবান ব্যক্তির জন্য নাগরিকত্ব দেবার ঘোষণা দেয়। নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াকে আরো সহজ করার অংশ হিসেবেই দেশটি এমন উদ্যোগ নিয়েছে বলে জানা যায়।
এনবিএস/ওডে/সি